• এটিএম স্কিমিংয়ের শিকার প্রৌঢ়! মেশিনেই আটকে ডেবিট কার্ড, উধাও ১ লক্ষ ৬১ হাজার টাকা
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাস আটেক আগে সার্ভে পার্ক থানা এলাকার একটি এটিএমে শেষবার কার্ড স্কিমিংয়ের শিকার হয়েছিলেন এক গ্রাহক। তারপর শহরের এটিএমগুলিতে বাড়ে নজরদারি। রাতে পুলিশের টহলদারিও চলে নিরাপত্তাহীন এটিএমগুলির সামনে। কিন্তু, ফের এটিএম স্কিমিংয়ের পুনরাবৃত্তি শহরে। এবার ঘটনাস্থল খিদিরপুর। একবালপুর থানা এলাকার ডাঃ সুধীর বসু রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে স্কিমিংয়ের মাধ্যমে এক গ্রাহকের ১ লক্ষ ৬১ হাজার টাকা খোয়া গিয়েছে। একবালপুর থানায় এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রৌঢ়। অভিযোগকারীর নাম বিজয় সিং (৫৮)। তিনি খিদিরপুরের কার্ল মার্কস সরণির বাসিন্দা।

    তাঁর দাবি, ২৬ জুলাই ঘটনাটি ঘটেছে। ওইদিন দুপুর ২টো নাগাদ এটিএমে টাকা তুলতে যান প্রৌঢ়। এটিএমটি নিরাপত্তাহীন ছিল। মেশিনে কার্ড ঢুকিয়ে টাকা তোলার জন্য যাবতীয় প্রক্রিয়া শেষ করেন তিনি। ১০ হাজার টাকা তুলতে চেয়েছিলেন। কিন্তু, টাকা বের হয়নি। শুধু তাই নয়, মেশিনে আটকে যায় তাঁর ডেবিট কার্ড। অনেক চেষ্টা করেও কার্ড বের করতে ব্যর্থ হন তিনি। এরপর বাড়ি ফিরে এসে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ব্যাংকের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন এবং গোটা বিষয়টি বলেন। কর্তৃপক্ষের তরফে বলা হয়, পরের দিন এসে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে একটি অভিযোগ জমা দিতে। রাত পৌনে ৮টার পর থেকে তিনি ১০ হাজার টাকা করে সাত দফায় ডেবিট হওয়ার মেসেজ পান ওই প্রৌঢ়। পরের দিন সকালে ব্যাংকে যাওয়ার পথে ওই অ্যাকাউন্ট থেকে আরও ৯১ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। ব্যাংক কর্তৃপক্ষ প্রৌঢ়কে জানায়, এটিএম কার্ডের তথ্য ব্যবহার করে সুধীর বসু রোডের ওই এটিএম থেকে প্রথম দফায় ৭০ হাজার টাকা তোলা হয়েছে। ব্যাংকের তরফে থানায় লিখিত অভিযোগ করার নির্দেশ দেওয়া হয়। একবালপুর থানায় অভিযোগ জমা দেন প্রৌঢ়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, আগে থেকেই ওই এটিএমে স্কিমিং মেশিন বসানো ছিল। তাতেই ক্লোন হয়েছে কার্ডের তথ্য। পাশাপাশি কার্ড প্রবেশের জায়গায় আরও কিছু আটকানো ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। কার্ড ও পিন দুই-ই হাতিয়ে টাকা তোলা হয়েছে। ইতিমধ্যেই ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তা দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে একবালপুর থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)