Big Breaking: মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে আক্রমণ করতে গিয়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। যদিও এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছে রাজ্যের প্রাক্তন শাসকদল ডিএমকে। কাবেরী জলবণ্টন সংক্রান্ত ক্ষোভ থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করা হয়েছে।
অভিনেতা-রাজনীতিক বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষার সম্পর্ক দীর্ঘদিন ধরেই বহুচর্চিত বিষয় তামিলনাড়ুর রাজনীতিতে। সম্প্রতি কাবেরী জলবণ্টন নিয়ে একটি জনসভায় তা নিয়েই উদয়নিধি যৌন ইঙ্গিতপূর্ণ কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পুলিশে ৬টি লিখিত অভিযোগও দায়ের হয়। তার পরেই গ্রেপ্তারি এড়াতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন উদয়নিধি। যদিও তার আগেই গ্রেপ্তার করা হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজয়ের দল টিভিকে।
উদয়নিধির মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে তামিলনাড়ুর রাজনীতিতে। টিভিকে নেতা আধব অর্জুন বলেন, ‘পণ্ডিত আন্না যে আন্দোলন গড়ে তুলেছিলেন, উদয়নিধি তা ধ্বংস করে দিলেন। নারীদের প্রতি তাঁর এই কুরুচিকর মানসিকতা তামিলনাড়ুর মা-বোনেরা মেনে নেবেন না।’ টিভিকে মুখপাত্র ফিলিক্স জেরাল্ডের কটাক্ষ, ‘উদয়নিধি কি তাঁর এই বক্তব্যের অংশটুকু তাঁর নিজের ছেলে ও মেয়ের সামনে চালাতে পারবেন?’
পাল্টা ডিএমকে নেতা তথা প্রাক্তন মন্ত্রী টি মন থাঙ্গারাজ বলেন, ‘কাবেরী জলবণ্টন নিয়ে কৃষকদের মূল দাবি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই ভিত্তিহীন বিতর্ক তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো খবরের মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে।’