এক সপ্তাহ কাটতে না কাটতেই বদলে গেল প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক। এই বিচারক বদল ঘিরে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। বিশেষ বিচারপতি অনু গ্রোভার বালিগা-কে দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁকে অন্য আদালতে বদলি করেছে দিল্লি হাইকোর্ট। তাঁর পরিবর্তে এই মামলাগুলির দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ বিচারপতি অজয় গুপ্তকে। যদিও আদালত স্পষ্ট করেছে, এটি ১৩৮ জন জুডিশিয়াল অফিসারদের বৃহত্তর প্রশাসনিক রদবদলেরই অংশ।
এই বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতটি সম্প্রতি Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এর আওতায় হওয়া প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত বিচার করার জন্য গঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ আদালত গঠনের ঘোষণা করার পরেই দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতে এই ফাস্ট-ট্র্যাক কোর্ট চালু হয়।
বিচারক অনু গ্রোভার বালিগা গত সপ্তাহে প্রথম শুনানিতে সিবিআইয়ের দাখিল করা চার্জশিট গ্রহণ করেন। তদন্তকারী সংস্থাকে চার্জশিটের বাকি নথি ও সংযুক্তি (Annexures) জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও দেন তিনি। এর পরে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা থাকলেও, তার আগেই তাঁর বদলির নির্দেশ জারি হয়।
দিল্লি হাইকোর্টের জারি করা ট্রান্সফার তালিকা অনুযায়ী, অনু গ্রোভার বালিগাকে এনআইএ (NIA) মামলার বিশেষ বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর জায়গায় অজয় গুপ্ত প্রশ্নফাঁস সংক্রান্ত ফাস্ট-ট্র্যাক আদালতের দায়িত্ব নেবেন। আদালতের তরফে জানানো হয়েছে, এটি কোনও নির্দিষ্ট মামলাকে কেন্দ্র করে নেওয়া সিদ্ধান্ত নয়; বরং আদালতের বিচারকদের নিয়মিত প্রশাসনিক রদবদল ও পুনর্বিন্যাসের অংশ।
যদিও আদালতের ব্যাখ্যায় এটি রুটিন প্রশাসনিক পদক্ষেপ, তবুও সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। কারণ, বিশেষ আদালত গঠনের পরে বিচারক প্রথম শুনানি সম্পন্ন করেছেন, চার্জশিট গ্রহণ করেছেন, এমন সময়েই তাঁর বদলি হওয়ায় বিচারপ্রক্রিয়ার ধারাবাহিকতা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। The Wire-সহ কয়েকটি সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছে, দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত আদালতে এত দ্রুত বিচারক পরিবর্তন আদৌ কতটা যুক্তিযুক্ত।
এ দিকে সিবিআই জানিয়েছে, শুধু NEET-UG নয়, দেশজুড়ে নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অন্তত ১৫৮টি মামলা তদন্ত শেষ হওয়ার পরেও বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। অনেক মামলাই দুই দশকেরও বেশি পুরোনো। নতুন প্রশ্নফাঁস বিরোধী আইনের আওতায় এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই ফাস্ট-ট্র্যাক আদালতের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিচারক বদল হলেও মামলার শুনানি থেমে থাকছে না। বিশেষ বিচারক অজয় গুপ্ত এখন থেকে NEET-UG 2026 প্রশ্নফাঁস মামলা-সহ Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এর আওতায় দায়ের হওয়া সমস্ত মামলার শুনানি করবেন। আদালতের প্রশাসনিক পরিবর্তনের ফলে বিচারপ্রক্রিয়া দ্রুত এগোবে, নাকি নতুন করে বিলম্ব হবে—সেদিকেই এখন নজর আইনজীবী, পরীক্ষার্থী ও অভিভাবকদের।