অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি বুধবার করতে চায় কলকাতা হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টকে। এই মুহূর্তে মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে বিচারাধীন। এ দিন হাইকোর্টের কাজ যখন শুরু হয়, সেই সময়েই বিচারপতি জানান, দু’পক্ষের আইনজীবী যাঁরা রয়েছেন, তাঁরা যেন আজ তাঁর আদালতে উপস্থিত থাকেন।
বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট বলেছে সাতদিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। তাই বুধবার একেবারে শুরুতেই এই মামলার শুনানি করতে চায় এই আদালত। তার আগে দু’পক্ষের যদি কিছু বলার থাকে, তাই আইনজীবীদের এ দিন একবার হাজির হওয়া দরকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার যে আর্জি, তা প্রাথমিক ভাবে নাকচ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতের পরামর্শ ছিল, আপাতত কলকাতার নামী কোনও হাসপাতালে চিকিৎসা করান। এ প্রসঙ্গে SSKM হাসপাতালের নামও করেন তিনি।
বিচারপতি ভট্টাচার্য বলেছিলেন, ‘SSKM-কে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দিচ্ছি। চোখের কী সমস্যা, যার জন্য বিদেশ যেতেই হবে, সেটা আগে একটু বোঝা দরকার। আপনারা চাইলে এই নির্দেশ দিতে পারি— চিকিৎসকরা পরীক্ষা করে জানাবেন যে চিকিৎসা বিদেশে ছাড়া হবে না। তা হলেই অর্ডার দেবো।’
এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সোমবার, ৩ অগস্ট প্রধান বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে। সেই মতোই এগোচ্ছে হাইকোর্ট।