: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে ডায়মন্ড হারবারের রায়নগর কেএস পুর বিদ্যালয়। সাম্প্রতিক টানা বৃষ্টিতে স্কুলের মূল ফটক, একাধিক শ্রেণিকক্ষ, শৌচাগার এবং গোটা চত্বর জলে ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠনপাঠন। দীর্ঘক্ষণ জল জমে থাকায় স্কুল প্রাঙ্গণে সাপ ও ব্যাঙের উপদ্রবও বেড়েছে। ফলে আতঙ্কের মধ্যেই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। দ্রুত ও স্থায়ী জলনিকাশি ব্যবস্থার দাবি তুলেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি হলেই মূল ফটকের সামনে হাঁটুসমান জল জমে যায়। সেই জল পেরিয়েই স্কুলে প্রবেশ করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। মূল ভবনের দক্ষিণ দিকের অন্তত চারটি শ্রেণিকক্ষে জল ঢুকে পড়ায় সেখানে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অন্য কক্ষে ক্লাস করাতে হচ্ছে, কোথাও কোথাও সাময়িকভাবে পঠনপাঠনও বন্ধ রাখতে হচ্ছে। কয়েকদিন ধরে জল জমে থাকায় স্কুলের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
জমা জলের কারণে স্কুল চত্বরে সাপ ও ব্যাঙ ঢুকে পড়ছে বলে অভিযোগ। শিক্ষক ও অভিভাবকদের আশঙ্কা, দীর্ঘদিন জল জমে থাকলে সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকিও বাড়বে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে কার্যকর নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, যার প্রভাব পড়ছে স্কুলের উপর। বর্ষাকালে সমস্যা আরও ভয়াবহ আকার নেয়।
এ নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন রায় জানান, “পরিস্থিতি অত্যন্ত সমস্যাজনক। বিষয়টি পুর প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত জলনিকাশির ব্যবস্থা হলে পড়ুয়াদের দুর্ভোগ কমবে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।