• দিঘা যাওয়ার পথে আর কোনও ভয় নেই, বিপদে ছুটে আসবে 'বন্ধুরা'! পর্যটকদের সুরক্ষায় 'মাস্টারপ্ল্যান'
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • পূর্ব মেদিনীপুর জেলা মানেই পর্যটন, শিল্প আর যোগাযোগের এক ব্যস্ত সংযোগস্থল। তবে এই জেলার উন্নতির পাশাপাশি একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সড়ক দুর্ঘটনা। বিশেষ করে কোলাঘাট থেকে পর্যটন নগরী দিঘা পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কটি সারা বছরই যানবাহনের চরম চাপে থাকে। জেলাজুড়ে চার চাকা, দু’চাকা, পণ্যবাহী ট্রাক এবং পর্যটক বোঝাই বিলাসবহুল বাসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সড়কগুলির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। অনিয়ন্ত্রিত গতি ও অতিরিক্ত গাড়ির ভিড়ে সামান্যতম অসাবধানতাই ডেকে আনছে বড়সড় বিপত্তি।

    জাতীয় সড়কের যে অংশটি পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে, তা হল কোলাঘাট-দিঘা রুট। সাপ্তাহিক ছুটির দিন কিংবা উৎসবের মরসুমে এই রাস্তায় পা ফেলার জায়গা থাকে না। সমুদ্রসৈকতের টানে ছুটে আসা হাজার হাজার পর্যটকের গাড়ি এবং স্থানীয় নিত্যযাত্রীদের যান চলাচল মিলে সড়কটি কার্যত এক গমগমে মহাসড়কে পরিণত হয়। গন্তব্যে দ্রুত পৌঁছানোর তাড়না, বেপরোয়া ওভারটেকিং এবং দীর্ঘ পথ গাড়ি চালানোর ক্লান্তি, সবমিলিয়ে এই পথে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আনন্দের সফর অনেক সময়ই পর্যটক পরিবারগুলির জন্য নিমেষে বিষাদে পরিণত হচ্ছে।

    জাতীয় সড়কের যে যে অংশে বারবার দুর্ঘটনা ঘটছে, সেগুলিকে বৈজ্ঞানিক পর্যালোচনার মাধ্যমে ‘ব্ল্যাক স্পট’ বা বিপজ্জনক অঞ্চল হিসেবে চিহ্নিত করার একটি মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্ধ বাঁক, পর্যাপ্ত আলো ও নির্দেশক চিহ্নের অভাব, রাস্তার ভাঙাচোরা অবস্থা এবং যত্রতত্র কাট-আউট- এই সমস্ত দিকগুলি খতিয়ে দেখে স্পটগুলি ম্যাপিং করা হচ্ছে। এই চিহ্নিতকরণের উদ্দেশ্য হল দুর্ঘটনার মূল কারণগুলিকে চিহ্নিত করে সেগুলির স্থায়ী সমাধান করা। ব্ল্যাক স্পট চিহ্নিতকরণের পাশাপাশি সেখানে সতর্কতামূলক বোর্ড স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ওই ব্ল্যাক স্পটগুলিতে থাকবে পথ বন্ধু। তাদের কাজ হল ওই এলাকায় দুর্ঘটনা ঘটলে দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা এবং তাঁদের কাছে থাকবে স্পেশাল কিট। যেমন রাতের অন্ধকারে ব্লিংকার লাইট, টুর্নিকেট সহ অন্যান্য জিনিসপত্র।

    এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ২০০ কিলোমিটার জাতীয় সড়ক রয়েছে। কোলাঘাট থেকে দিঘা পর্যন্ত জাতীয় সড়কে ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ৭৮ টি ব্লাক স্পট চিহ্নিত করা হয়েছে। ১১৪ জন পথ বন্ধু রয়েছেন।” প্রশাসনের আশা, প্রযুক্তি ও পরিকাঠামোগত এই পরিবর্তনের ফলে চালকরা আগে থেকেই সতর্ক হতে পারবেন এবং জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা অনেকটাই কমবে। পথনিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এই প্রশাসনিক উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে আগামী দিনে কোলাঘাট-দিঘা জাতীয় সড়ক দুর্ঘটনা মুক্ত হবে এবং পর্যটকদের দিঘা সফর আরও নিরাপদ ও আনন্দদায়ক হয়ে উঠবে।
  • Link to this news (News18 বাংলা)