• ১.২৬ কোটির রাস্তা বানিয়েও সেতুর ভগ্নদশা! ভাসল সাঁকো, বর্ষা নামলেই বিচ্ছিন্ন ৫-৬ গ্রাম
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • : সাগরদিঘীতে ভাসল সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত পড়ুয়াদের। বর্ষা নামতেই চরম বিপত্তির মুখে মুর্শিদাবাদের সাগরদিঘী। জলে ডুবে গেল খালের ওপর তৈরি অস্থায়ী ভগ্নদশার সেতু। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে খুদে স্কুল পড়ুয়ারা।

    সাগরদিঘির বোখরা ২ নম্বর অঞ্চলের দুহাল দুর্গা মন্দির থেকে ধামুয়া এমএসকে স্কুল পর্যন্ত রাস্তার সংযোগকারী সেতুটি জলে তলিয়ে গেছে। কাঁধে সাইকেল তুলে নিয়ে স্থানীয় যুবকরা ছাত্রদের সেতু পার করে দিচ্ছেন। সেতু তলিয়ে যাওয়ায় অনেক পড়ুয়াকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে দীর্ঘ পথ ঘুরে স্কুলে যেতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও, সেতুটি আগের মতোই ভগ্নদশায় ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা তৈরি হওয়ার আগে আমাদের একটি স্থায়ী সেতু দরকার। সেতু না তৈরি হলে এই রাস্তার কোনও মূল্যই থাকবে না। বর্ষা এলেই ৫ থেকে ৬টি গ্রামের মানুষ পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

    বর্ষার প্রবল জলস্রোতে সেতুটি যেকোনও মুহূর্তে সম্পূর্ণ ভেঙে যেতে পারে। তখন বাধ্য হয়ে ধুমারপাহাড় ও রতনপুর হয়ে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হবে। ১ কোটি ২৬ লক্ষ টাকার রাস্তা তৈরি হলেও সেতুর এই ভগ্নদশা প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসন ও স্থানীয় জেলা পরিষদের নজরদারি নিয়ে। অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। যদিও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে জানানো যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিষয়টি নজরে এসেছে। অতি দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।
  • Link to this news (News18 বাংলা)