• একদিনেই দেখা মিলবে জটার দেউল থেকে ত্রিপুরা সুন্দরী! রায়দিঘিতে পর্যটনের বিরাট 'মাস্টারপ্ল্যান'
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • : রায়দিঘিতে পর্যটনের জোয়ার আনার উদ্যোগ নয়া সরকারের। রায়দিঘি একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থান জটার দেউল থেকে চক্রতীর্থ, নারায়ণী মন্দির থেকে ত্রিপুরা সুন্দরি, রয়েছে একাধিক প্রাচীন মন্দির। তাকে ঘিরে ধর্মীয় পর্যটন করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়াও দু’টি প্রাচীন কালের তথ্য সমৃদ্ধ মিউজিয়াম রয়েছে।

    এক ছাতার তলায় জোড়া হবে একাধিক প্রাচীন মন্দির। আর তারপর রায়দিঘিতে শুরু হবে ধর্মীয় পর্যটন। বর্তমানে সেই দিকেই এগোচ্ছে পরিকল্পনা। এই ছাতার তলায় থাকছে মা ত্রিপুরেশ্বরী মন্দির। এরপর থাকছে বড়াশি শিব মন্দির। সেখান থেকে পর্যটকরা যাবেন চক্রতীর্থে। এরপর সেখান থেকে পর্যটকরা যাবেন মা নারায়নী মন্দিরে।

    সেই মন্দির দেখা হয়ে গেলে পর্যটকরা যাবেন ঐতিহাসিক জটার দেউলে। এই সব মন্দিরগুলি এক দিনেই ঘুরিয়ে দেখানো হবে। ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে সেগুলি। এই ধর্মীয় পর্যটন ব্যবস্থা চালু হলে আগামীদিনে যে রায়দিঘি রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান করে তা আর বলার অপেক্ষা রাখে না।

    বর্তমানে এই মন্দিরগুলি আলাদা, আলাদা করে দেখতে আসেন পর্যটকরা, তবে এবার সেই দিনের অবসান হবে। এই জায়গাগুলি ইতিমধ্যেই ঘুরে দেখেছেন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর। তিনি জানিয়েছেন, “রায়দিঘি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। বিগত দিনে আমাদের এই সাংস্কৃতিক ভাবধারা ও সাংস্কৃতিক যে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এই ঐতিহ্যবাহী ইতিহাস, ও ধর্মীয় ভাবে যে সংস্কৃতি বিশেষ জায়গা রাখত। তা তুলে ধরার চেষ্টা হচ্ছে। আমাদের সভ্যতা ও সংস্কৃতিকে তুলে ধরা ও তাকে পরিচিতি করানো এই লক্ষ্য। আগামীদিনে এখানে পর্যটন শিল্প গড়ে উঠবে। সেই লক্ষ্যেই কাজ চলছে।”
  • Link to this news (News18 বাংলা)