• বিধবা ভাতায় ১ কোটি টাকা! ব্যাঙ্কের পাসবই দেখে চোখ কপালে পরিচারিকার, সঙ্গে সঙ্গে যা করলেন তিনি...
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • ব্যাঙ্কের পাসবই আপডেট করতেই চোখ কপালে! বিধবা ভাতার টাকা তুলতে গিয়ে নিজের অ্যাকাউন্টে দেখলেন এক কোটি টাকা! অভাবের সংসারে দিন গুজরান করা পরিচারিকা ঝুমা দাস প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। পাসবইয়ে স্পষ্ট লেখা ৪ জুলাই ২০২৬, WIDOW PENSION বাবদ জমা ১ কোটি টাকা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

    তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এটি কম্পিউটারজনিত ত্রুটি। অন্যদিকে এত বিপুল অঙ্কের টাকা নিজের অ্যাকাউন্টে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ঝুমা দাস। তাঁর আশঙ্কা, এই ঘটনায় তাঁকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কি না! ঝুমা দাস এই প্রসঙ্গে বলেন, “আমি ৩-৪ মাস বিধবা ভাতার টাকা পাইনি। ব্যাঙ্কে গিয়ে শুনি আমার বইয়ে ১ কোটি টাকা ঢুকেছে। আমি ভয়ে টাকা তুলিনি, সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছি। পরের টাকা আমি নেব না।”

    পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস। পরের বাড়িতে পরিচারিকার কাজ করেই সংসার চালান। ছেলে দেব দাস ভাড়ার গাড়ি চালিয়ে কোনও মতে সংসারে সাহায্য করেন। গত তিন-চার মাস ধরে বিধবা ভাতার টাকা না পাওয়ায় সোমবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় পাসবই আপডেট করাতে যান ঝুমা দাস। আর সেখানেই সামনে আসে চমকে দেওয়া সেই এন্ট্রি। বাড়ি ফিরে প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে সম্ভাব্য ঝামেলার আশঙ্কায় মঙ্গলকোট থানায় গিয়েও পুরো বিষয়টি লিখিতভাবে জানান তিনি।

    ঝুমা দাসের ছেলে দেব দাস বলেন, “টাকা ঢুকেছে শুনে আমিও অবাক। কী করে যে এমন হল সেটা বলতে পারব না।” ঘটনার পর ফের ব্যাঙ্কে যান ঝুমা দাস। এরপর নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের দাবি, প্রযুক্তিগত বা কম্পিউটারজনিত ভুলের কারণেই পাসবইয়ে ১ কোটি টাকা জমার এন্ট্রি দেখা গিয়েছিল। পরে পুরনো পাসবই পরিবর্তন করে নতুন পাসবই দেওয়া হয়। সেখানে তাঁর প্রকৃত ব্যালেন্স দেখানো হয় প্রায় ২০ হাজার ১৫ টাকা।

    তবে কীভাবে এমন ভুল হল, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। এদিকে ঝুমা দাসের স্পষ্ট বক্তব্য, ওই টাকা তাঁর প্রাপ্য নয়। যদি ভুলবশত অন্য কারও টাকা তাঁর অ্যাকাউন্টে দেখানো হয়ে থাকে, তবে প্রকৃত তদন্ত করে সেই ভুল সংশোধন করা হোক। অন্যের এক টাকাও তিনি নিতে চান না। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এখন সকলের নজর আসলে কীভাবে এক গরিব পরিচারিকার বিধবা ভাতার অ্যাকাউন্টে এক কোটি টাকার এন্ট্রি দেখা গেল, আর এই রহস্যের প্রকৃত কারণই বা কী!
  • Link to this news (News18 বাংলা)