• প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, ধস উত্তরবঙ্গের একাধিক রাস্তায়
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা। রাস্তার উপরে গাছ ভেঙে পড়েছে দার্জিলিংয়ের মল রোডে। অন্য দিকে ধসের কারণে বন্ধ শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তা। একই অবস্থা সিকিমের ২০ মাইল এলাকাতেও। সেখানেও সিংটাম-রংপো ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসের কারণে বন্ধ রয়েছে।

    জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দার্জিলিং পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে ডলফিন হোটেলের কাছে মল রোডে একটি গাছ ভেঙে পড়ে। এর ফলে ওই রাস্তায় সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কুইক রেসপন্স টিম। দ্রুত ভেঙে পড়া গাছটিকে সরিয়ে দেওয়া হয়। এরপরে ওই রাস্তায় ফের যান চলাচল শুরু হয়।

    অন্য দিকে, মঙ্গলবার সকালে ফের ধস নামে শিলিগুড়ি-মিরিক সড়কে। গয়াবাড়ি সংলগ্ন এলাকায় ধস নেমেছে বলে জানা গিয়েছে। ধসের জেরে উল্টে পড়ে গাছও। প্রবল যানজটের সৃষ্টি হয় এলাকায়। রাস্তার দু’ধারে আটকে পড়ে একাধিক গাড়ি। স্থানীয়রাই প্রাথমিক ভাবে গাছ সরানোর চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসনের তরফেও কাজ শুরু হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ভেঙে পড়া গাছটিকে সরানো হয়।

    অন্য দিকে, ধসে বিপর্যস্ত সিকিমের ২০ মাইল এলাকাও। মঙ্গলবার সকালে নতুন করে ধস নামে সিকিমের ২০ মাইল এলাকায় সিংটাম-রংপো ১০ নম্বর জাতীয় সড়কে। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এই এলাকা। মঙ্গলবার ফের নতুন করে ধস নামার কারণে সমস্যার মুখে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

    প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। বৃষ্টি অব্যাহত থাকলে একাধিক জায়গায় ধস নামতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

  • Link to this news (এই সময়)