সরকারি হাসপাতালে খাবারের বরাদ্দ বৃদ্ধির মামলায় আপাতত স্বস্তি রাজ্যের। টেন্ডার নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় মঙ্গলবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গল বেঞ্চের রায়। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার বাবদ বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে বাজেটে। সেইমতো হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহের জন্য বিজ্ঞপ্তি জারি করে ডাকা হয় টেন্ডার। সেই টেন্ডারকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সিঙ্গল বেঞ্চ দরপত্রের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। তাকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেটে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের Full Rice Diet-এর ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়। আগে রোগীদের জনপ্রতি খাবারে বরাদ্দ ছিল ৫৬.৬৪ টাকা, যা বিজেপি সরকার বাড়িয়ে ১১০ টাকা করে।
গত জুলাই মাসে সরকারি হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহ নিয়ে টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয়। এর পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের আদালতে মামলা করে এক সরবরাহকারী সংস্থা। তাদের অভিযোগ, হাসপাতালের খাবারের মাথা পিছু বরাদ্দ কী হবে, সেই মামলা বিচারাধীন। সেই ক্ষেত্রে নতুন প্রাইস চার্ট কী ভাবে তৈরি হয়? এর পরে বিচারপতি কৃষ্ণা রাও টেন্ডারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন।
সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য। শুনানি চলাকালীন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সময় ও বাজার দর অনুযায়ী প্রাইস ইনডেক্স বা মূল্যসূচক বেড়েছে— এ বিষয়ে আদালত একমত। কিন্তু এ ভাবে চললে নতুন সিদ্ধান্ত কী ভাবে নেবে রাজ্য? এর পরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।