এবার ২০ সাংসদ মিশে যাচ্ছেন BJP'তে! মন্ত্রী যা বললেন
আজকাল | ০৪ আগস্ট ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের হারের পর, ২০ সাংসদ মমতার হাত ছেড়েছেন। বিজেপিতে যাচ্ছেন কিনা, সেই জল্পনার মাঝেই আচমকা এনসিপিআই নামের একটি দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছেন। এনডিএ'র বৈঠকেও যাচ্ছেন সাংসদরা। কিন্তু এর মাঝেই জোর জল্পনা, ওই সাংসদরা কি এবার বিজেপিতে যোগ দেবেন সরাসরি?
মঙ্গলবার এই জল্পনা প্রসঙ্গে সংবাদমাধ্যম মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করলে, তিনি জানান, গেরুয়া শিবিরের কাছে অগ্রাধিকার দেশ, রাষ্ট্র, দল। তার জন্য যা ভাল, সেই সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।
এনসিপিআই (NCPI)-এর বিজেপিতে যোগদান বা দুই দলের সম্ভাব্য সংযুক্তি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চললেও এ বিষয়ে কোনও নির্দিষ্ট মন্তব্য করতে চাননি রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গেই মন্ত্রী আরও একটি বিষয় স্পষ্ট করেন এদিন। জানিয়ে দেন, বিজেপিতে যে কোনও বিষয়ে, যে কেউ মন্তব্য করেন না। করতে পারেন না। তাঁড় সাফ ইঙ্গিত, দলে কে আসবেন, কে যুক্ত হবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।
তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব দল, দেশ, রাজ্য ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তই দলের সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
একই সঙ্গে অগ্নিমিত্রা জানান, এই মুহূর্তে, রাজ্যে নয়া সরকার। নজর রাজ্যের উন্নয়নে। সেসব কাজ নিয়ে ব্যস্ত থাকছেন। তিনি বলেন, 'কে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আর একটা দল তৈরি করবে, কে নতুন লোগো নকশা করছে' তা নিয়ে আগ্রহী নন তিনি।