• অসমে ২ সহকর্মীকে গুলি করে ‘আত্মঘাতী’ সিআরপিএফ জওয়ান, হামলার কারণ স্পষ্ট নয়
    প্রতিদিন | ০৪ আগস্ট ২০২৬
  • অসমের নওগাঁওয়ে দুই সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জওয়ান। এখনও স্পষ্ট নয় কেন সহকর্মীদের উপর গুলি চালালেন সিআরপিএফ জওয়ান।

    কাটামারির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৩৪ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের মূল প্রবেশদ্বারে দায়িত্ব ছিলেন বাল্লানি প্রেমাবারাম। সিআরপিএফ আধিকারিকরা জানিয়েছেন, আচমকাই সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করেন প্রেমাবারাম। গুলিতে ঝাঁজরা হয়ে মৃত্যু হয়েছে বিষ্ণুপ্রসাদ বাঘেল এবং রামনাওয়াল সিংয়ের। আহত হয়েছেন এএসআই মানে গোবিন্দ স্রিপুল। আহত ওই জওয়ানকে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, সহকর্মীদের হত্যার পর নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন অন্ধপ্রদেশের বাসিন্দা বাল্লানি প্রেমাবারাম।

    নওগাঁওয়ের পুলিশকর্তা পার্থ প্রতিম দাস জানিয়েছেন, সহকর্মীদের গুলি করার সময় নিজের বন্দুক ব্যবহার করেননি আত্মঘাতী জওয়ান। তিনি গার্ড রুম থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে কোয়ার্টার গার্ডের পেছনের দিকে যান। সেখানেই বিষ্ণুর ওপর গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর রামনাওয়াল সিংয়ের ওপর গুলি করেন, যিনি নথিপত্র যাচাইয়ের জন্য সেখানে এসেছিলেন। সিং-ও ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পাওয়ায় ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয়।
  • Link to this news (প্রতিদিন)