• কোচ আমলের ‘বেহাল’ দিঘি সংস্কারে উদ্যোগ, জলে নেমে সাফাই খোদ স্পিকার রথীন্দ্রনাথের
    প্রতিদিন | ০৪ আগস্ট ২০২৬
  • এবার দিঘি সংস্কারে নামলেন খোদ কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। শহরের দেবীবাড়ি এলাকার যমুনা দিঘি সংস্কারে হাত লাগানো হয়েছে। কোচ রাজাদের আমলে তৈরি একাধিক দিঘি এখনও রয়েছে। তবে সেগুলি দীর্ঘদিনের সংস্কারের অভাবে বেহাল অবস্থায়। ওইসব দিঘি, জলাশয় আগামী দিনে সংস্কার হবে।সেই কথা জানানো হয়েছে। সেই লক্ষ্যে সোমবার নিজেই এই কর্মযজ্ঞে নামলেন খোদ লোকসভার স্পিকার। তাঁর সঙ্গে আধিকারিকরাও ছিলেন।

    জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্ মুহূর্তে পুরসভার উদ্যোগে কোচবিহার শহরের অধিকাংশ দিঘি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে সেগুলি পরিষ্কার করা হয়। তবে নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল পরিচালিত পুরসভার পক্ষ থেকে আর সেই দিঘিগুলির রক্ষণাবেক্ষণে কার্যত কোনও নজর দেওয়া হয়নি! ফলে ঐতিহাসিক সেসব দিঘি বেহাল অবস্থায় পড়েছিল। ওইসব জলাশয়ের হাল ফেরাতে এবার নিজেই উদ্যোগী হলেন রথীন্দ্রনাথ বোস।

    এবার কোচবিহার পুরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব নিয়েছেন কোচবিহার সদরের মহকুমা শাসক গোবিন্দ নন্দী। সেই পুর প্রশাসক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সোমবার থেকে কোচবিহার শহরের পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি শুরু করলেন রথীন্দ্রনাথ বোস। এই কর্মসূচির সূচনা হয় শহরের দেবীবাড়ি এলাকার যমুনা দিঘি সংস্কারের মধ্য দিয়ে। পরবর্তীতে নরসিংহ দিঘি, ডাঙরাই দিঘির মতো পরপর রাজ আমলের দিঘিগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

    স্পিকার বলেন, কোচবিহার শহরকে পরিষ্কার করার কথা তিনি বলেছিলেন। সেই মতো কাজ শুরু করা হয়েছে। শহরের যে সমস্ত পুকুর রয়েছে, সেটার পরিষ্কার রাখার কাজ শুরু হয়েছে এবং মানুষ যাতে সেই পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারেন, এবার সেইভাবে সাজিয়ে তোলা হবে। এদিন লম্বা দিঘি (যমুনা দিঘি) সাফাই করা হয়। কোচবিহার শহরকে দেশের সবচেয়ে সুন্দর শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েছেন তিনি। কোচবিহার শহরের একাধিক দিঘি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই কাজগুলি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বা নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। স্বাভাবিকভাবে এই পুকুরগুলো সংস্কার করে সেখানে সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবিপূরণ করতে এদিন অভিযানে নেমে স্পিকার নিজেও পরিচ্ছন্নতার কাজে হাত লাগান।
  • Link to this news (প্রতিদিন)