• সিউড়ি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে 'গুপ্তচর'! এই কাজ করলেই বিপদ, ধড়পাকড় চলতেই নগদ জরিমানা
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • : বীরভূম জেলার সদর শহর সিউড়ি। আর সদর শহর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দফায় দফায় চলছে অভিযান। আর সেই অভিযানে কেউ ধরা পড়লেই গুনতে হচ্ছে নগদ ২০০ টাকা পর্যন্ত জরিমানা। তবে এবার হয়ত ভাবছেন কীসের জন্য এই অভিযান? এমন অভিযান বেশ কয়েকদিন ধরেই চালানো হচ্ছে এবং আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে।

    হাসপাতালে যারা আসেন তাঁরা নিজেকে সুস্থ করতে হাসপাতালে এসে পৌঁছন। তবে কিছু মানুষ হাসপাতালের পরিবেশকে অস্বাস্থ্যকর পরিবেশে পরিবর্তন করছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আনাচে-কানাচে চোখ রাখলেই দেখা যাবে কেউ বিড়ি অথবা সিগারেটে সুখ টান দিতে ব্যস্ত, আবার কেউ কেউ গুটখা, খৈনি খেয়ে যেখানে সেখানে পিক ফেলছেন। মূলত এই ধরনের ঘটনা ঠেকানোর জন্যই প্রশাসনের তরফ থেকে অতর্কিত অভিযান চালানো হচ্ছে। আধিকারিকদের সাদা পোশাকের এই অভিযানে রীতিমতো কিছু বুঝে ওঠার আগেই হাতেনাতে ধরা পড়তে হচ্ছে অনেককেই।

    আর সেই কারণে দফায় দফায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে এমন আইন বিরুদ্ধ কাজের জন্য জরিমানা করা হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। অবশ্য সর্বোচ্চ জরিমানা ২০০ টাকা হলেও পরিস্থিতি বিবেচনা করে কারও কারও কাছে কম জরিমানা নেওয়া হচ্ছে। আর সতর্ক করে দেওয়া হচ্ছে আগামী দিনে আবার ধরা পড়লে মোটা অংকের টাকা জরিমানা করা হবে।

    মূলত হাসপাতালে এই ধরনের তামাক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, বড় বড় করে তা হাসপাতালে বিভিন্ন জায়গায় উল্লেখ থাকলেও সেই নিয়মকে তোয়াক্কা না করেই চলছে তামাক সেবন। আর এরই পরিপ্রেক্ষিতে জরিমানার মুখোমুখি হওয়া হাসপাতালে আগত ব্যক্তিদের অনেককেই লজ্জায় নিজের নামটুকুও বলতে চাননি।
  • Link to this news (News18 বাংলা)