• জনতার দরবারের আদলে এ বার জনশুনানি, কোথায়?
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • মিল্টন সেন,হুগলি: "আপনার সরকার, আপনার পাশে।" একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতার দরবার'-এর আদলে হল জনশুনানি। মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের অভিনব উদ্যোগ। মঙ্গলবার থেকে শুরু হল 'আপনার সরকার আপনার পাশে'-এর মতো 'আপনার বিধায়ক আপনার পাশে' কর্মসূচি।

    এদিন সপ্ত গ্রামের বিধায়কের উদ্যোগে সপ্তগ্রাম গ্রামপঞ্চায়েত কার্যালয়ে এক জনসংযোগ ও অভিযোগ নিষ্পত্তি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষের একাধিক ক্ষোভ, দাবি ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ।

    কর্মসূচিতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ, জলনিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আবেদন সংক্রান্ত সমস্যা বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক প্রতিটি অভিযোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।

    এদিন বিধায়ক জানিয়েছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের জনগণের কাছে দেওয়া বর্তমান রাজ্য সরকারের প্রতিশ্রুতি পূরণ করা হবে। পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতি বাড়ানোর জন্যই একেবারে পঞ্চায়েত স্তর থেকেই সরাসরি এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    স্বরাজের অভিযোগ, বিগত পঞ্চায়েত বোর্ড তথা প্রধান পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কোনও কাজ ঠিক মতো করেননি। নূন্যতম কাজ করে থাকলেও এই শিবির এতো মানুষের ভীড় হতো না। তিনি বলেছেন, "রাজ্যে নতুন বিজেপি সরকার সবে মাত্র আরাই মাস হল। প্রশাসনকে সঙ্গে নিয়ে সর্বত ভাবে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর যেগুলি দ্রুত সমাধান সম্ভব নয় সেগুলিকে নোট করা হচ্ছে।" 

    তিনি আশাবাদী আগামী দিনে দ্রুততার সঙ্গে সেই সমস্যারও সমাধান করা হবে। মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে তাঁর বিধানসভা কেন্দ্রের সর্বত্রই এই শিবির চালিয়ে যাওয়া হবে। এদিনের এই বিশেষ কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিভিন্ন ব্লকের প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
  • Link to this news (আজকাল)