• 'গান্ধীগিরি'র মাধ্যমে বুধবার আইন অমান্য করবে কংগ্রেস
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পকেটে থাকবে বিভিন্ন সংস্থার তৈরি চকোলেট। হাতে থাকবে গোলাপ ফুল। বুধবার ৫ আগস্ট যা নিয়ে 'লালবাজার অভিযান' করতে চলেছে রাজ্য কংগ্রেস। জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার দলের সদর দপ্তর বিধান ভবনে দলের অন্যান্য রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে শুভঙ্কর জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তাঁদের যে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই অভিযানে কংগ্রেস নেতা-কর্মীদের পকেটে থাকবে চকোলেট এবং হাতে থাকবে গোলাপ ফুল। যদি পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে তবে সঙ্গে সঙ্গেই সেই পুলিশের হাতে গোলাপ এবং চকোলেট তুলে দেওয়া হবে। 

    এদিন রাজ্য কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, গত ২১ জুলাই দলের 'শহিদ দিবস' পালনের অনুষ্ঠানে যখন কংগ্রেস কর্মীরা যোগ দিতে আসছিলেন তখন পথে তাঁদের মারধর করা হয় এবং কোথাও সঙ্গের খাবার পর্যন্ত কেড়ে নেওয়া হয়। মারধরের জেরে অনেকেই আহত হন এবং তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। অথচ এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

    সেইসঙ্গে তাঁর দাবি, রাজ্যে এমনভাবে আইন তৈরি করা হচ্ছে যাতে তার সাহায্যে বিরোধীদের কন্ঠস্বর রোধ করা যায়। এই বিষয়গুলির প্রতিবাদেই রাজ্য কংগ্রেস গান্ধীগিরির পথে হেঁটে আইন অমান্য করবে বলে জানিয়েছেন শুভঙ্কর সরকার। 

    তবে বুধবার রাজ্য কংগ্রেস কর্মীরা কোথাও কোনওভাবেই হিংসার 'আশ্রয়' নেবেন না বলেও জানান তিনি। তাঁর কথায়, "কংগ্রেস কর্মীরা কোনওভাবেই উত্তেজিত হবেন না বা ব্যারিকেড ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ভাঙতে নয়, গড়ার লক্ষ্যেই আমাদের এই আইন অমান্য।" ছিলেন রাজ্য কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, সুমন রায়চৌধুরী, নেত্রী মিতা চক্রবর্তী-সহ অন্যরা।
  • Link to this news (আজকাল)