• কলকাতায় চালু ইউনিফায়েড ডিজিটাল পার্কিং সিস্টেম!
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: কলকাতায় চালু হচ্ছে ইউনিফায়েড ডিজিটাল পার্কিং সিস্টেম। কলকাতার পার্কিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতেই রাজ্য সরকার চালু করতে চলেছে এই ইউনিফায়েড ডিজিটাল পার্কিং সিস্টেম। এই ব্যবস্থার মাধ্যমে শহরের পার্কিং পরিষেবাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। এর ফলে বেআইনি পার্কিং, জাল রসিদ এবং অতিরিক্ত পার্কিং ফি আদায়ের মতো অনিয়মে লাগাম টানার লক্ষ্য নিয়েছে সরকার। 

    নতুন ব্যবস্থায় গাড়িচালকরা ইউপিআই, কিউআর কোড অথবা কার্ডের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন। পার্কিংয়ের জন্য সরকার নির্ধারিত ফি অনুযায়ী তাৎক্ষণিক ডিজিটাল রসিদ মিলবে। পাশাপাশি রিয়েল-টাইমে খালি পার্কিং স্লটের তথ্য জানা যাবে এবং ভবিষ্যতে আগাম পার্কিং স্লট বুকিংয়ের সুবিধাও চালু করার পরিকল্পনা রয়েছে। 

    সরকারের দাবি, এই ডিজিটাল ব্যবস্থা চালু হলে পার্কিং ফি সংগ্রহে স্বচ্ছতা বাড়বে, জাল স্লিপ ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে এবং শহরের যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে। কলকাতা শহরকে স্মার্ট ও ডিজিটাল নগরীতে রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি এ সংক্রান্ত বৈঠক হয় নবান্নে। বৈঠকে সিদ্ধান্ত হয়, অনুমোদিত পার্কিং ব্যবস্থাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। প্রস্তাবিত অ্যাপের মাধ্যমে নাগরিকরা খালি পার্কিং স্লটের তথ্য জানতে পারবেন এবং অনলাইনে পার্কিং ফি প্রদান করতে পারবেন। একইসঙ্গে অনুমোদিত পার্কিং ব্যবহারকারী যানবাহনের জন্য ইউনিক স্টিকার বা ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে, যাতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলি দ্রুত বৈধ ও বেআইনি পার্কিং চিহ্নিত করতে পারে।
  • Link to this news (আজকাল)