দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র নতুন চেয়ারম্যান হলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়া লাল আগরওয়াল। সোমবার বিধানসভার মোট ৪১টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৬টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫টি হাউস কমিটি।
নতুন কমিটি বণ্টনে বিরোধী শিবিরের হাতে মোট ১০টি কমিটির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ৫টি এবং ১৫টি হাউস কমিটির মধ্যে আরও ৫টি কমিটির সভাপতির পদ বিরোধীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
বিরোধীদের জন্য বরাদ্দ ওই ১০টি কমিটির মধ্যে একটি কমিটির দায়িত্ব পেয়েছে নৌশাদ সিদ্দিকির দল। বাকি ৯টি কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের বিধায়কদের।
উল্লেখ্য, বিধানসভার রীতি অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী শিবিরের সদস্যের হাতেই থাকে। সেই প্রথা বজায় রেখেই এবার জন হিসাবরক্ষা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কানাইয়া লাল আগরওয়ালকে।
বিধানসভায় নতুন কমিটি গঠনের মাধ্যমে আগামী অধিবেশনগুলিতে বিভিন্ন দফতরের কাজকর্ম, সরকারি ব্যয় এবং প্রশাসনিক বিষয়গুলির উপর নজরদারি ও পর্যালোচনার কাজ শুরু হবে।