• ডিএ-র বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার, সরকারি কর্মচারীদের যা জানা জরুরি, দেখে নিন
    আজ তক | ০৫ আগস্ট ২০২৬
  • বর্ধিত হারে ডিএ (Dearness Allowance) পাওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী,  চলতি বছরের ১ অক্টোবর ২০২৬ থেকে ৩৮% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। যদিও এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আজ ৪ অগাস্ট আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হল। 

    বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণকালীন রাজ্য সরকারি কর্মীরা ১ অক্টোবর ২০২৬ থেকে মূল বেতনের (Basic Salary) ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। ডিএ গণনা করা হবে সংশোধিত মূল বেতন এবং NPA-এর ভিত্তিতে। অন্য কোনও ভাতা এর মধ্যে ধরা হবে না। 

    এই মহার্ঘ ভাতা পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, বিভিন্ন স্ট্যাটুটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পুরনিগম এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরা। প্রয়োজনীয় প্রশাসনিক দফতরগুলি আলাদা করে অর্থ দফতরের অনুমতি ছাড়াই এই সুবিধা কার্যকর করতে পারবে। 

    পেনশনভোগীদের জন্য কী ঘোষণা?

    রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ১ অক্টোবর ২০২৬ থেকে সংশোধিত পেনশনের ওপর ৩৮ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ (Dearness Relief) বা মহার্ঘ ত্রাণ পাবেন। প্রত্যেকের DR হিসাব করার দায়িত্ব সংশ্লিষ্ট পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের। 

    একই হারে ডিয়ারনেস রিলিফ পাবেন সরকার-পোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটুটরি বডি, সরকারি সংস্থা এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার পেনশনভোগীরা। তাঁদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রশাসনিক দফতর এই সুবিধা কার্যকর করবে। 

    আরও জানানো হয়েছে, এখনও পঞ্চম বেতন কমিশনের প্রি-রিভাইজড বেতন কাঠামো অনুযায়ী বেতন পান যাঁরা, তাঁদের ডিএ ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হযবে। ROPA ২০০৯ অনুযায়ী যাঁরা এখনও পুরনো পেনশন পাচ্ছেন, তাঁদের DR-ও ২২৩ শতাংশ হবে। যতদিন না সংশোধিত পেনশন কার্যকর হচ্ছে। 

    আরও কী বলা হয়েছে?

    ডিএ ও ডিআরের অঙ্ক নিকটতম পূর্ণ টাকায় নির্ধারণ করা হবে। সরকারি সংস্থা ও স্ট্যাটুটরি বডিগুলিকে অতিরিক্ত ব্যয় নিজেদের তহবিল থেকেই বহন করতে হবে। এ জন্য আলাদা আর্থিক সহায়তা দেওয়া হবে না। যেসব দৈনিক মজুরির কর্মীদের মজুরি ন্যূনতম মজুরি আইনের আওতায় নয়, তাঁদের দৈনিক মজুরি ১ অক্টোবর ২০২৬ থেকে অতিরিক্ত ১১০ টাকা বাড়ানো হবে। 
  • Link to this news (আজ তক)