মলে গিয়ে ব্যাগ ভর্তি কেনাকাটা, কব্জি ডুবিয়ে খেল বিরিয়ানি! বর্ধমানের পথশিশুদের হলটা কী?
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
স্টেশনের আশপাশে ঘুরে বেড়ানো ছোট ছোট পথশিশুরা এদিন পেল একেবারে ভিআইপি আপ্যায়ন। বড় শপিং মলে গিয়ে নিজেদের পছন্দমতো নতুন জামাকাপড় কেনার সুযোগ পেল তারা। শুধু তাই নয়, নতুন পোশাক পরে একসঙ্গে বসে জমিয়ে খেল বিরিয়ানিও। বর্ধমান শহরের বাসিন্দা সমাজসেবী সুধীর রঞ্জন সাউ তাঁর ৩৩তম জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।
জন্মদিনের আনন্দ নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে, পথশিশুদের মুখে হাসি ফোটাতেই ছিল তাঁর এই বিশেষ আয়োজন। সুধীর রঞ্জন সাউ জানান, স্টেশনের আশপাশে থাকা এই শিশুদের অনেকেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেই ইচ্ছাশক্তিকেই সম্মান জানাতে তিনি শুধু নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেননি, তাদের হাতে তুলে দিয়েছেন বইও।
তাঁর বিশ্বাস, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি এই শিশুদের পাশে দাঁড়ান, তবে একদিন তারাও শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। পাশাপাশি শিশুদের তিনি পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।একদিনের এই উদ্যোগে শুধু নতুন পোশাক বা প্রিয় খাবারই নয়, পথশিশুরা পেল ভালবাসা, সম্মান এবং নতুন স্বপ্ন দেখার সাহস।
জন্মদিনের এই ব্যতিক্রমী উদযাপন যেন মনে করিয়ে দিল, সামান্য উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। সমাজের আরও মানুষ যদি এভাবেই অসহায় শিশুদের পাশে দাঁড়ান, তাহলে ভবিষ্যতে এই শিশুদের মধ্য থেকেই উঠে আসতে পারে বহু সফল ও প্রতিষ্ঠিত মানুষ। তাঁর এই ছোট্ট উদ্যোগ বহু শিশুর মুখে হাসি ফুটিয়েছে।