কোন সরকারি অফিসার কত টাকা পেতেন লেখা রয়েছে টুলু মন্ডলের ডায়েরিতে!
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
বীরভূম জেলার ‘পাথরসম্রাট’ টুলু মন্ডলের আত্মীয়র বাড়ি থেকে কোটি কোটি টাকার হদিস অন্যদিকে টুলু মন্ডলের কোটি কোটি টাকা সম্পত্তি সিজ করা হয়েছে। এর পাশাপাশি সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ম্যানেজারকে। পুলিশ ও সরকারি আধিকারিকদের টাকা দিয়েই নাকি চলত ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের সমস্ত বেআইনি কার্যকলাপ। ধৃত ম্যানেজারের কাছ থেকে পাওয়া গেছে হাতে লেখা ডায়েরি। তাতেই লেখা বিগত সরকারের আমলে কাকে কত টাকা দেওয়া হয়েছে সেই সব তথ্য।
মামলার সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী আমাদের জানান, “টুলু মণ্ডলের ম্যানেজারের কাছ থেকে একটা হাতে লেখা ডায়েরি পাওয়া গিয়েছে৷ আর সেই ডায়েরিতে লেখা রয়েছে কোন সরকারি অফিসারকে কত টাকা দেওয়া হয়েছে৷ টুলু মন্ডল তাঁর মেয়ের বিয়েতে মোট কত খরচ করেছেন। তদন্ত খুব সুন্দরভাবে চলছে। আরও তথ্য বার করতে ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল৷ আদালত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে৷ আরও তথ্য উঠে আসবে পরবর্তীতে বলে আমরা আশা করছি৷”
প্রসঙ্গত ২৯ শে আগস্ট টুলু মন্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়িতে দিনভর তল্লাশির পর ২৮ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এর পরেই টুলু মন্ডলের বাড়িতেও চালানো হয় তল্লাশি অভিযান। বাড়ির সমস্ত কেয়ারটেকার দের বার করে বাড়ি সিল করে দেওয়া হয়। টুলু মন্ডল কোথায় রয়েছে সেই বিষয়ে এখনও সকলের অজানা। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর টুলু মন্ডলের আত্মীয় মিনার মন্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ এর পর টুলু মন্ডল এর ম্যানেজার সীতেশ প্রামাণিকের নাম উঠে আসে। আর তাকে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ।
প্রসঙ্গত এখনও পর্যন্ত টুলু মন্ডলের তিনটি বিলাসবহুল বাড়ি সিল করা হয়েছে। ৬ টি ব্যাংক একাউন্ট সিজ করা হয়েছে। এই সমস্ত ব্যাংকের প্রায়ই ২০০ কোটিরও বেশি টাকা আছে। শুধু এখানেই সীমাবদ্ধ নয় কোটি কোটি টাকার বিঘা পর বিঘা জমির হদিস পাওয়া গেছে। ২টি পেট্রল পাম্পের সন্ধান পাওয়া গেছে। চাঞ্চল্যকর তথ্য থেকে জানা গেছে ডায়েরি থেকে তাবড়-তাবড় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে৷ অর্থাৎ, পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতায় পূর্বতন সরকারের আমলে অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা হয়ে ওঠেন মহম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মন্ডল।