তারাপীঠে গঠিত হল নতুন লজ ও হোটেল মালিক সমিতি, পর্যটন পরিষেবা উন্নয়নে জোর
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
তারাপীঠে হোটেল ও লজ ব্যবসাকে আরও সংগঠিত করার লক্ষ্যে গঠিত হল ‘তারাপীঠ লজ ও হোটেল মালিক সমিতি’। উদ্যোক্তাদের দাবি, নতুন এই সংগঠনের মূল লক্ষ্য হবে তারাপীঠে আগত পর্যটক ও পুণ্যার্থীদের আরও উন্নত পরিষেবা প্রদান, হোটেল-লজ ব্যবসার সার্বিক উন্নয়ন এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিব্যেন্দু সাহা। আগামী দিনে প্রায় ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।
এক হোটেল মালিক অশোক চট্ট্যোপাধ্যায় বলেন, “তারাপীঠে আগত সমস্ত পর্যটক ও পুণ্যার্থীরা যাতে ভালো পরিষেবা পান এবং মন্দির-সংলগ্ন পরিবেশ ও পরিকাঠামো সুষ্ঠুভাবে বজায় থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করব।” সভায় উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও বিচার পরিবারের অনিমেষ মুখার্জি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন অশোক ঘোষ, শ্যামাচরণ মুখার্জি, পুলক চ্যাটার্জি, অচিন্ত্য কুমার পাল, সুজন মণ্ডল, অর্ঘ্য চট্ট্যোপাধ্যায় , সমাজসেবী অমর মাল, সাহেব নন্দী, বিধান মণ্ডল-সহ প্রায় ৪০০ জন হোটেল ও লজ মালিক এবং সদস্য।
উপস্থিত বক্তাদের বক্তব্য, তারাপীঠে ক্রমবর্ধমান পর্যটন শিল্পের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের গতি বাড়ানো, ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তোলা এবং পর্যটকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই নতুন সমিতি গঠন করা হয়েছে।