গভীর রাতে বাড়িতে ঢুকে বধূর সম্ভ্রমহানির চেষ্টায় ধৃত বিজেপি নেতা! দোষী হলে ব্যবস্থা, বলল দল
প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৬
গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার বিজেপির মণ্ডল সভাপতি। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শ্যামল সাহা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে, সেই কথাই এই প্রেক্ষিতে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছির হেমন্ত বসু নগরের বাসিন্দা শ্যামল সাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকারই এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ছিল। তিনি ওই এলাকার বিজেপির মণ্ডল সভাপতি পদেও রয়েছেন। সোমবার গভীর রাতে ওই বিজেপি নেতা ওই মহিলার বাড়িতে ঢুকেছিলেন বলে অভিযোগ। ওই বধূর সঙ্গে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দেওয়া হয়! তাঁকে শ্লীলতাহানিও করা হয়! ওই মহিলার আর্তনাদে অন্যান্যরা ছুটে যায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই তাঁকে পাকড়াও করে মারধর করা হয়!
খবর পেয়ে রাতেই দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই বিজেপিকে নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গভীর রাতেই তাঁকে আটক করে রাখা হয়। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ, মঙ্গলবার সকালে নির্যাতিতা ও পরিবার থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই বিজেপিকে নেতাকে গ্রেপ্তার করে। বিজেপি নেতার এহেন আচরণে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। এনিয়ে বারাসতের বিজেপি নেতা তাপস মিত্র বলেন, “ঘটনাটি নিন্দনীয়। শ্যামল সাহা যদি অন্যায় করে থাকেন, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দলও তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা করবে।”