এয়ারগান দিয়ে মাথায় গুলি করে এক পথকুকুরকে হত্যা করার চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদে। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঁশগোলা কালীমন্দির লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় অভিযুক্ত শ্রীকান্ত রায় বাঁশগোলা কালীমন্দির এলাকায় এয়ারগান দিয়ে ওই সারমেয়র মাথায় গুলি করে। ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে স্থানীয় পশুপ্রেমী সংগঠন ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা দ্রুত সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে আটকে রাখেন এবং মুর্শিদাবাদ থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ মামলা রুজু করেছে। কোনও প্রাণীকে হত্যা, বিষপ্রয়োগ বা পঙ্গু করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানাযায়। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, পশুক্লেশ নিবারণকারী সংগঠনের প্রতিনিধি বিশ্বজিৎ চৌধুরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শ্রীকান্ত রায় (৩৫) নামে এক টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অভিযুক্ত এয়ারগানটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ পথকুকুরটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
অন্যদিকে, প্যান্ডেল তৈরির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২৫ বছরের যুবক শুভেন্দু মণ্ডলের। তিনি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের ধন্যকাটা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পি সি বোরাল স্ট্রিটে একটি পুজোর প্যান্ডেল তৈরির কাজ চলছিল। স্থানীয় একটি ডেকোরেটর সংস্থার হয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে কাজ করছিলেন শুভেন্দু। কাজের সময় পাশের একটি বাড়ির উপরের অংশে ওঠার পর আচমকাই একটি খোলা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।