• ঘুষ চাইলেই করুন অভিযোগ! দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে জনসচেতনতামূলক প্রচার শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)। একটি প্রচারপত্রের মাধ্যমে জানানো হয়েছে, কোনও সরকারি আধিকারিক বা কর্মচারী ঘুষ দাবি করলে, অর্থ দিতে বাধ্য করার চেষ্টা করলে অথবা দুর্নীতির কোনও ঘটনার তথ্য কারও কাছে থাকলে তা অবিলম্বে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে জানাতে হবে।

    অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগকারীর পরিচয় ও অভিযোগ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। জনসাধারণের সুবিধার জন্য একটি হেল্পলাইন নম্বর ৯৮৩৬২৩৩৮৯১ এবং একটি ই-মেল আইডি acb-wb@nic.in প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই অভিযোগ জানাতে পারেন।

    এই প্রচারের মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা (Transparency), সততা (Integrity), নিরপেক্ষতা (Impartiality), জবাবদিহিতা (Accountability) এবং জনসেবার প্রতি অঙ্গীকার (Commitment) আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের বক্তব্য, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পশ্চিমবঙ্গ গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনও ধরনের দুর্নীতির তথ্য গোপন না রেখে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

    রাজ্যের দুর্নীতিদমন শাখাকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে রাজ্যের গোয়েন্দা বিভাগ (আইবি)-এ কর্মরত তিন আইপিএস আধিকারিককে দুর্নীতিদমন শাখায় বদলি করা হয়েছে। সোমবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইবি-র আইজি মুরলীধরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, আইবি-র ডিআইজি আকাশ মাঘারিয়া এবং স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট কামনাশিস সেনকেও দুর্নীতিদমন শাখায় নিয়োগ করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)