• শিলিগুড়ির লজে কী চলছিল? পুলিশের হানায় উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি মদ
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • বিহারে পাচারের আগেই জংশন এলাকার একটি লজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় বিহারের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ভাস্কর কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক বিহারের সাহারসা জেলার বাসিন্দা।

    পুলিশ সূত্রে আরও জানা যায়, ভাস্কর কুমার বিহার থেকে শিলিগুড়িতে এসে বিপুল পরিমাণ বিদেশি মদ কিনে তা বিহারে পাচারের ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই লজে মঙ্গলবার রাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ হানা দেয়। অভিযানের সময় লজের একটি ঘর থেকে সন্দেহজনক অবস্থায় ভাস্কর কুমারকে আটক করে তল্লাশি চালানো হয়।

    তল্লাশির সময় তার কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি মদের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। শিলিগুড়ি থেকে বিহারে বিদেশি মদ পাচারের অভিযোগে ভাস্কর কুমারকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। গোটা পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।

    অন‍্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার সকালে নবদ্বীপের ট্যাংরা বিলপার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৮টি অবৈধভাবে মজুত মদের বোতল উদ্ধার করেন বিজেপি যুব মোর্চা ও মাতৃশক্তির স্থানীয় সদস্যরা। পরে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত মদের বোতল নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় নেতৃত্ব বেআইনি মদের কারবার বন্ধে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)