• মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে খুশি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগকারী সেই যুবকরা
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • এই সময়, জলপাইগুড়ি: দিনেদুপুরে চলে মাদকের কারবার। এই ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গত ২৭ জুলাই কনভয় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এমনই অভিযোগ করেছিলেন দুই যুবক। ওই অভিযোগের পরে শহরজুড়ে অভিযান শুরু করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সোমবার রাতে রাজবাড়ি পাড়া, ইন্দিরা গান্ধী কলোনি, জয়ন্তী পাড়া, স্টেশন রোড-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে দেশি-বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। পুলিশের বক্তব্য, এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে। পুলিশের এই অভিযানে খুশি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগকারী দুই যুবক।

    জলপাইগুড়ি শহরের স্টেশন রোড, জয়ন্তী পাড়া, ভাটিয়া বিল্ডিং এলাকা মাদক কারবারে পীঠস্থান হয়ে উঠেছে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে এর আগে পুলিশি অভিযানে মাদক | উদ্ধারের পাশাপাশি একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেশার সামগ্রী বিক্রির প্রতিবাদে একাধিক বার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন ইন্দিরা গান্ধী কলোনির মহিলারা। কিন্তু কাজের কাজ তেমন হয়নি। বাসিন্দাদের বক্তব্য, পুলিশি অভিযানের পরে কারবারিরা দু'দিন ঠিক থাকলেও তৃতীয় দিন থেকে আবার কারবার চালানো শুরু করেন।

    জুলাইয়ের শেষে জলপাইগুড়ি শহরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সড়কপথে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ে রাজবাড়ি পাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দা দীপ দাস, গগন সাকারু মুখ্যমন্ত্রীর কনভয় থামাতে হাত দেখান। গাড়ি দাঁড় করিয়ে দিয়ে তাদের কাছে ডেকে নেন শুভেন্দু। এলাকায় মাদকের কারবারের বাড়বাড়ন্তি নিয়ে তারা অভিযোগ করার পরে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। একটি ফোন নম্বর দিয়ে জানান, কারবার বন্ধ না হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে। এরপরই অভিযান শুরু হয়।

    এ দিন দীপ বলেন, 'ইন্দিরা গান্ধী কলোনির বাজারের কয়েকটি চায়ের দোকান ও হোটেলের আড়ালে অবৈধভাবে মাদক কারবার চালানো হয়। এর আগেও পুলিশি অভিযান হলেও তেমন কাউকে ধরা যায়নি। তবে মুখ্যমন্ত্রীকে বলার পরে পুলিশ সোমবার রাতে অভিযান চালানো হয়েছে।' স্থানীয় বাসিন্দা পঙ্কু দাস বলেন, 'পুলিশ মাঝেমধ্যে অভিযান চালায় এটা ঠিক। কিন্তু আবার মাদকের কারবার চালু হয়ে যায়। তাই আমরা চাই, মাদকের কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হোক। না হলে কারবার বন্ধ হবে না।'

  • Link to this news (এই সময়)