মনবীরের হ্যাটট্রিক, ৮ গোল মোহন বাগানের
বর্তমান | ০৫ আগস্ট ২০২৬
মোহন বাগান- ৮ : সাউথ ইউনাইটেড- ০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে মুম্বই সিটি থেকে ছাংতেকে নিয়েছে মোহন বাগান। তিনি চলে এলে মনবীরের ভবিষ্যৎ কী? তা নিয়ে জোর জল্পনা। সেটা বুঝেই হয়তো বাড়তি চার্জড পাঞ্জাবি ফুটবলার। মঙ্গলবার যুবভারতীতে সাউথ ইউনাইটেডকে প্রায় একাই গুঁড়িয়ে দিলেন তিনি। মোহন বাগানের ৮ গোলে মনবীরের হ্যাটট্রিক। সুহেলের জোড়া লক্ষ্যভেদ। পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন রাহুল ভেকে, আলবার্তো রডরিগেজ। একটি গোল আত্মঘাতী। প্রি-সিজনের সময় প্রস্তুতি ম্যাচ খেলার উপরে জোর দেন কোচেরা। বড়ো ব্যবধানে জিতলে আত্মবিশ্বাস বাড়ে। ডুরান্ড কাপের গ্রুপ লিগে এমন ম্যাচের ছড়াছড়ি। আয়োজকদের সৌজন্যে দুই প্রধানের লাঞ্চ টেবিলে সুস্বাদু খাবার সাজানো। স্রেফ কাঁটা চামচে গেঁথে মুখে পোরার অপেক্ষা। সিআইএসএফকে ৮ গোলের মালা পরিয়েছিল ইস্ট বেঙ্গল। এদিন বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডকে নিয়ে কার্যত ছেলেখেলা করল পানোস ব্রিগেড।
মঙ্গলবার ডুরান্ড কাপে রাঁচিতে জামশেদপুর এফসি’র মুখোমুখি হয়েছিল স্পোর্টিং দিল্লি। প্রবল বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা। ফলে মোহন বাগানের ম্যাচেও নির্ধারিত সময়ের ২০ মিনিট পিছিয়ে যায়। তবে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তৃতীয় মিনিটেই চমৎকার লক্ষ্যভেদ মনবীরের। সাহালের পাস ধরে বাঁ পায়ের শটে জাল কাঁপালেন পাঞ্জাবি ফুটবলার (১-০)। জাতীয় দলে একটি ম্যাচ স্ট্রাইকারে খেলানো হয়েছিল তাঁকে। ম্যাকলারেনের পাশে মনবীর ক্লিক করলে পানোসের বিকল্প বাড়বে। যাই হোক, পাঁচ মিনিটের ব্যবধানে আলবার্তোর হেডে ২-০। ১৮ মিনিটে ড্র্যাজিচের সেন্টার থেকে দুরন্ত হেডে গোল রাহুল ভেকের (৩-০)। চতুর্থ গোল সেই মনবীরের। বক্সে বল পেয়ে ঠান্ডা মাথায় জালে পাঠাতে ভুল করেননি (৪-০)। এরপর সাহালের দু’টি শট যথাক্রমে পোস্টে প্রতিহত হয়।
আক্রমণের রোলার চলল দ্বিতীয়ার্ধেও। ৫৯ মিনিটে অনিরুদ্ধ থাপার বাঁক খাওয়ানো কর্নারে শরীর ছুড়ে হেড করলেন মনবীর। দিনের সেরা গোল করার সঙ্গেই হ্যাটট্রিক সম্পূর্ণ তাঁর (৫-০)। ৬৯ মিনিটে হাস্যকর আত্মঘাতী গোলে ৬-০। অন্তিম পর্বে সাহালদের থ্রু পাস ধরে বিপক্ষ গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ সুহেলের (৭-০)। পরের মুহূর্তে বাঁ পায়ের শটে ৮-০ করলেন কাশ্মীরি তরুণ। ঝলমলে মনবীরের পাশে সুহেলের গোলে ফেরাও প্রাপ্তি মোহন বাগানের। যা দেখে ভিআইপি বক্সে বসা ম্যাকলারেনও হাততালি দিলেন।
মোহন বাগান: বিশাল, অভিষেক (আশিস), ভেকে, আলবার্তো, শুভাশিস, অনিরুদ্ধ, টাংরি, সাহাল, মনবীর (সুহেল), লিস্টন (কিয়ান) ও ড্র্যাজিচ (সায়ন)।
Link to this news (বর্তমান)