• দল তুলে নেওয়ার সিদ্ধান্তের আবহে ডুরান্ডেও ধাক্কা, স্পোর্টিং ক্লাব দিল্লির কাছে হারল জামশেদপুর
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুর এফসির অকস্মাৎ দল তুলে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে হইচই ভারতীয় ফুটবলে। ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, তারা আর দল পরিচালনা চালিয়ে যেতে পারবে না। এই ঘোষণার পর গোটা দেশের ফুটবলমহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীও প্রকাশ্যে ক্লাবের শীর্ষ কর্তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই ১৩৫তম ডুরান্ড কাপে স্পোর্টিং ক্লাব দিল্লির কাছে ২-১ গোলে হারতে হল জামশেদপুরকে।

    রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-র ম্যাচে প্রথমার্ধে সানান মহম্মদের গোলে এগিয়ে গিয়েছিল জামশেদপুর। তবে দ্বিতীয়ার্ধে নতুন সই করা লালরিনলিয়ানা হ্নামতের জোড়া গোলে ম্যাচের রং বদলে যায়। ৫১ ও ৫৬ মিনিটে পরপর দুটি গোল করে স্পোর্টিং ক্লাব দিল্লিকে দুর্দান্ত জয় এনে দেন তিনি।

    হারের পরেও দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে গ্রুপের শীর্ষে রয়েছে জামশেদপুর। তবে মাঠের ফলাফলের থেকেও এখন বড় হয়ে উঠেছে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আর্থিক ও প্রশাসনিক অনিশ্চয়তার জেরে দল পরিচালনা বন্ধের সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই।

    সুনীল ছেত্রীর আবেদনও সেই কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশের অন্যতম সফল ফুটবলারের মতে, জামশেদপুরের মতো একটি ক্লাব ভারতীয় ফুটবলের সম্পদ এবং তাদের টিকে থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এই কঠিন সময়ে ডুরান্ড কাপে পরাজয় ক্লাবের হতাশাকে আরও বাড়িয়ে দিল। এখন নজর থাকবে, কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে নাকি ফুটবলমহলের আবেদনে সাড়া দিয়ে নতুন করে পথ খুঁজে বের করে।
  • Link to this news (আজকাল)