সকাল থেকেই মুখভার আকাশের। কালো মেঘে ছেয়ে রয়েছে আকাশ। সঙ্গে চলছে বৃষ্টি। কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারায়। বুধবার সকালে এই ভাবেই ঘুম ভাঙল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার সারাদিন এমনই থাকবে কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টি। এর পাশাপাশি, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা এখন বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি, বিহারে অবস্থান করছে নিম্নচাপ। এই দুয়ের জোড়া ফলাতেই বৃষ্টি চলছে বাংলায়।
কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা থেকে বুধবার সকাল সাড়ে ছ’টার মধ্যে ২৪ ঘণ্টায় মোট ১৪.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়োবাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। তবে, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমতে পারে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের সর্বত্রই।
এক নজরে
FAQ
রাজ্যে হঠাৎ এই টানা বৃষ্টির কারণ কী?
আবহাওয়া দপ্তর অনুযায়ী, বাংলার উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে এবং বিহারের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুটির জোড়া প্রভাবেই রাজ্যে জুড়ে বৃষ্টিপাত চলছে।
কলকাতায় আজ কেমন বৃষ্টি হতে পারে?
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে এবং সারাদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে?
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট চলবে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা ক্রমশ কমতে শুরু করবে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে?
উত্তরবঙ্গের পাঁচটি জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টির দাপট কমবে?
শুক্রবার থেকে উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে এবং পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে।