দার্জিলিংয়ে টি টেস্টিংয়ে NCVET-অনুমোদিত স্কিল কোর্স চালু করল টি বোর্ড ইন্ডিয়া
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
ভারতের চা শিল্পে দক্ষ ‘ম্যান পাওয়ার’ গড়ে তোলার লক্ষ্যে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে অবস্থিত দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (DTRDC)-এ NCVET অনুমোদিত ‘Tea Tasting Skilled Courses’ চালু করল টি বোর্ড ইন্ডিয়া। এই উদ্যোগের মাধ্যমে পেশাদার টি টেস্টার ও টি সোমেলিয়ার তৈরির পাশাপাশি ভারতীয় চায়ের গুণমান বৃদ্ধি, ব্র্যান্ডিং, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই কোর্সগুলি Agriculture Skill Council of India (ASCI)-এর সহায়তায় তৈরি হয়েছে। ASCI হল কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক (MSDE)-এর অধীন National Council for Vocational Education and Training (NCVET) স্বীকৃত একটি অ্যাওয়ার্ডিং বডি। জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ এবং National Skill Qualification Framework (NSQF)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ৬০ ঘণ্টা ও ২১০ ঘণ্টার দুটি কোর্সের পাঠ্যক্রম তৈরি করেছে বাণিজ্য মন্ত্রক, দক্ষতা উন্নয়ন মন্ত্রক, বিষয় বিশেষজ্ঞ ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি।
আরও পড়ুন– তৃষাকে নিয়ে উদয়নিধি স্ট্যালিন ঠিক কী বলেছিলেন? যে ‘Double Meaning’ মন্তব্য ঘিরে শুরু হল বিতর্ক
প্রথম ব্যাচে শুরু হয়েছে ৬০ ঘণ্টার সার্টিফিকেট কোর্স “Essentials of Tea Sommelier”। এই কোর্সে চা সম্পর্কে সামগ্রিক ধারণা, পেশাদার টি টেস্টিং, টি ব্লেন্ডিং এবং আধুনিক চা-সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টি বোর্ড ইন্ডিয়ার ডেপুটি চেয়ারম্যান সি. মুরুগন বলেন, এই উদ্যোগের ফলে দক্ষ টি টেস্টার তৈরি হবে, যা ভারতীয় চায়ের গুণমান মূল্যায়ন, বৈজ্ঞানিক সেন্সরি অ্যানালিসিস, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের মধ্যে চা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন- শিউরে ওঠার মতো ভিডিও! ইউক্রেনের এক সবজি বিক্রেতাকে তাড়া করে তাঁর উপর হামলা রাশিয়ার ড্রোনের
টি বোর্ডের আশা, কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীরা ভারতীয় চা শিল্পের ভ্যালু চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি চায়ের মান উন্নয়ন, বাজার সম্প্রসারণ, চা-সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি এবং ভারতীয় চায়ের প্রতি ক্রেতাদের আস্থা বাড়াতেও এই প্রশিক্ষণ কার্যকর হবে।
টি বোর্ড ইন্ডিয়া জানিয়েছে, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং পেশাদার উৎকর্ষের মাধ্যমে ভারতের চা শিল্পকে আরও শক্তিশালী করা এবং বিশ্ব বাজারে প্রিমিয়াম চা উৎপাদনে ভারতের নেতৃত্বকে সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।