• শুনানির রিপোর্টিং করুন, কিন্তু অডিয়ো-ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা যাবে না, সংবাদমাধ্যমকে নির্দেশ সুপ্রিম কোর্টের
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • এজলাসে বিচারপ্রক্রিয়ার বিবরণ দিয়ে আগের মতোই খবর প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম। কিন্তু শুনানির অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ বিনা অনুমতিতে সমাজমাধ্যম বা কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না। আগের অন্তর্বর্তী নির্দেশের ভুল ব্যাখ্যা এবং বিভ্রান্তি দূর করে বুধবার এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

    প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, আগের নির্দেশে কোথাও স্বীকৃত সংবাদমাধ্যমগুলির উপর কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়নি। পূর্ববর্তী নির্দেশ উল্লেখ করে শীর্ষ আদালত বলেছে, ‘এই নির্দেশকে স্বীকৃত সংবাদমাধ্যমগুলির খবর প্রকাশের উপরে নিষেধাজ্ঞা বলা যাবে না। সংবাদমাধ্যমগুলি আগের মতোই আদালতের নির্দেশ, রায় এবং ঘটনার বিবরণ প্রকাশ করতে পারবে। সাধারণ মানুষের জানার জন্য তা প্রকাশও করবে। তবে শর্ত হলো— প্রতিবেদন তৈরি বা প্রকাশের সময়ে কোর্ট রুমের কোনও অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ ব্যবহার করা যাবে না।’

    গত ২৪ জুলাই প্রধান বিচারপতির আদালত অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, আদালতের অনুমতি ছাড়া শুনানির কোনও অডিয়ো-ভিডিয়ো রেকর্ডিং সমাজমাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে আপলোড, শেয়ার এবং এডিট করা যাবে না। সেই সব অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ থেকে কেউ টাকা রোজগারও করতে পারবে না। আদালত বলেছিল, কেউ যদি আদালতের অডিয়ো-ভিডিয়ো ফুটেজ ব্যবহার করতে চায়, তবে তাকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল অথবা সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে।

    সেই নির্দেশেই সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়েছিল, এই বিধিনিষেধ স্বীকৃত সংবাদমাধ্যমগুলির কোর্ট রিপোর্টিংয়ের উপরে কোনও প্রভাব ফেলবে না। তা সত্ত্বেও সংবাদমাধ্যমের কাজের পরিধি নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হওয়ায় বুধবার বিষয়টি স্পষ্ট করে দিল আদালত। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে আদালতকক্ষের সরাসরি সম্প্রচারের অপব্যবহার রোধে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে বলেছে। লাইভ স্ট্রিম ও রেকর্ডিং সংক্রান্ত নিয়মবিধি মানা হচ্ছে কি না, একটানা লাইভ স্ট্রিমিং সম্ভব কি না, সেই বিষয়ে দেশের হাইকোর্টগুলিকে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৮ সেপ্টেম্বর।

  • Link to this news (এই সময়)