• চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক, কী বলল হাইকোর্ট?
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে হাইকোর্টের প্রস্তাব মতো এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে অস্বীকার করায়, তাঁর বিদেশ যাওয়ার আবেদন খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ, অভিষেকের এখনই বিদেশে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন কি না, সে বিষয়ে আদালত নিশ্চিত নয়। আদালতের কেউ চিকিৎসাবিজ্ঞানে এক্সপার্ট নন। সেই কারণেই এসএসকেএমে গিয়ে পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল। তাতে আদালত বুঝতে পারত, এখনই অভিষেকের বিদেশে যাওয়া জরুরি কি না। কারণ, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন। কিন্তু অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্যও জানান, আপাতত অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

    এই মামলার নির্দেশ দিতে গিয়ে আদালত জানায়, ২১ মে দেওয়া জামিনের শর্ত শিথিল করে তাঁকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন সপ্তাহের জন্য বিদেশ যেতে চান, এমনই আর্জি জানান। ৪ জুন প্রাথমিক ভাবে একজন চিকিৎসককে দেখিয়ে একটা রিপোর্ট জমা দেওয়া হয়। রাজ্যের বক্তব্য, ডাক্তারের রিপোর্টে কোনও জরুরি চিকিৎসার প্রয়োজন উল্লেখ নেই। এ দিকে অভিষেকের বিরুদ্ধে ১৬টি ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ৫টি মামলা রয়েছে হাইকোর্টেই। সেগুলিতে তদন্তে সহযোগিতা করার শর্তে রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। যে মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর নেই। তাই তা বিশ্বাসযোগ্য নয়।

    আদালতের বক্তব্য, কোর্ট মেডিক্যাল এক্সপার্ট নয়। তাই এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসিয়ে তাঁর প্রাথমিক রিপোর্ট নেওয়ার জন্য তাঁকে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আগামিকাল, ৬ অগস্ট দুপুর ২টোয় অভিষেককে এসএসকেএমে চিকিৎসকদের বোর্ডের সামনে হাজির হতে বলা হয়েছিল। ৭ অগস্ট এসএসকেএম রিপোর্ট জমা দিত আদালতকে। তার পরেই ওই চিকিৎসার জন্য তাঁর বিদেশ যাওয়া জরুরি কি না সেটা নিশ্চিত হতে চেয়েছিল কোর্ট। তবে অভিষেক এসএসকেএমে যেতে চান না বলেই আদালতে জানান তাঁর আইনজীবী।

    অভিষেকের আইনজীবীর দাবি, প্রথম থেকেই চোখের এই চিকিৎসা অভিষেক বিদেশে করাচ্ছেন। সেখানে অস্ত্রোপচার হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাঁর চোখ ও শারীরিক অবস্থার যাবতীয় জানেন। তাই সেখানেই চিকিৎসা করাতে যান। সেই চিকিৎসার ধারাবাহিকতায় যাতে ছেদ না পড়ে, তাই বিদেশেই চিকিৎসা করাতে চান তিনি।

    যদিও আদালত জানায়, বর্তমানে অভিষেকের বিরুদ্ধে বহু মামলা পেন্ডিং। সব তদন্ত চলছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে অস্বীকার করেছেন। অভিষেকের এই আপত্তির জন্য তাঁর চোখের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বোঝার উপায় রইল না আদালতের।

    যে হেতু সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিল, চাইলে অভিষেক হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারেন। সেই নির্দেশ পছন্দমতো না হলে যেতে পারেন সুপ্রিম কোর্টেও। প্রসঙ্গত, এই আর্জি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসেছেন অভিষেক। দেশের সর্বোচ্চ আদালতই তাঁর এই মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে।

  • Link to this news (এই সময়)