কলকাতায় দিন পাঁচেক কাটিয়ে বুধবার ফিরে গেলেন তসলিমা নাসরিন। শহর ছাড়ার আগে জানিয়ে গেলেন, আবার অক্টোবরে তিনি কলকাতায় আসবেন। তার পরে আবার আসবেন বইমেলায়। বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে লেখিকা বলেন, ‘অক্টোবর মাসে আসব। আর বইমেলায় তো আসছিই।’
প্রায় ২০ বছর পরে, গত শুক্রবার কলকাতা এসেছিলেন তসলিমা। ‘সেক্যুলার মিশন’ এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’— এই দুই সংগঠন তাঁকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। তাদের ডাকে সাড়া দিয়ে তসলিমা শহরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন। বুধবার ফিরে যাওয়ার আগে আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘কলকাতায় এসে আমার খুবই ভালো লেগেছে। এখানকার মানুষ যে ভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাতে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি আবার কলকাতায় আসব।’
আত্মজীবনীমূলক বই ‘দ্বিখণ্ডিত’-তে বিতর্কিত মতের প্রকাশ ঘিরে উত্তাপের জেরে ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা। তার পরে বার বার এই শহরে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আবেদনে তৎকালীন বামফ্রন্ট সরকার এবং পরের তৃণমূল সরকার সাড়া দেয়নি বলেই অভিযোগ। শেষে রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাঁকে কলকাতায় নিয়ে এসেছে। কলকাতায় ফিরতে পারলেও, নিজের দেশ বাংলাদেশে কি ফিরতে পারবেন নির্বাসিত লেখিকা? তসলিমা বলেন, ‘বাংলাদেশে তো ফিরতে চাই। কিন্তু বাংলাদেশ সরকার আমায় ফেরাতে চায় না। আমার পাসপোর্ট রিনিউয়াল হয়নি। তাই আপাতত ভারতেই থাকব।’