• মধু উৎপাদনে কেন্দ্রের সহায়তা পশ্চিমবঙ্গে, মালদায় চালু হানি টেস্টিং ল্যাব
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর জানিয়েছেন, ২০২৫-২৬ সালের হর্টিকালচার ক্রপস স্ট্যাটিস্টিকস (দ্বিতীয় অগ্রিম অনুমান) অনুযায়ী পশ্চিমবঙ্গে, মালদা-সহ, মোট ২৪.০৫ হাজার মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, মালদা জেলার ওল্ড মালদা, কালিয়াচক ও রতুয়া ব্লকে মৌচাষ উল্লেখযোগ্যভাবে হয়।

    মালদা জেলায় NABL স্বীকৃত হানি টেস্টিং ল্যাবরেটরি এবং আধুনিক মধু প্রক্রিয়াকরণ ও কনসেনট্রেশন প্ল্যান্ট স্থাপনের বিষয়ে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী-র প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, জাতীয় মৌপালন ও মধু মিশন (NBHM)-এর অধীনে ২০২১-২২ অর্থবর্ষে I CAR-Central Institute of Subtropical Horticulture (ICAR-CISH), মালদা-কে ১০১.৪৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয় একটি মিনি হানি টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের জন্য। বর্তমানে ওই ল্যাবটি চালু রয়েছে এবং স্থানীয় মৌচাষিরা সেখানে মধুর অ্যান্টিবায়োটিকের মাত্রা ও C3 এবং C4 উপাদানের পরীক্ষা করাতে পারছেন।

    মন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর (MSME) ২০১৫ সালে ওল্ড মালদার সাহাপুরে ১ কোটি টাকা ব্যয়ে মধু-ভিত্তিক MSME ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম গড়ে তোলে। এছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষে, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (RKVY)-এর আওতায় মালদার ৪৮ জন মৌচাষিকে ৭.৬৮ লক্ষ টাকা ব্যয়ে মৌবাক্স ও মৌমাছির কলোনি প্রদান করা হয়েছে।

    কেন্দ্র জানিয়েছে, জাতীয় মৌপালন ও মধু মিশন (NBHM)-এর আওতায় প্রকল্পভিত্তিক আর্থিক সহায়তা দিয়ে ইন্টিগ্রেটেড বি কিপিং ডেভেলপমেন্ট সেন্টার (IBDC), হানি টেস্টিং ল্যাব, মৌমাছির রোগ নির্ণয় কেন্দ্র, মানসম্পন্ন মৌমাছির প্রজনন কেন্দ্র, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি প্রদর্শন, মহিলাদের মৌপালনে স্বনির্ভর করে তোলা, বিপণন, ব্র্যান্ডিং, মূল্য সংযোজন এবং গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা করা হয়।

    ২০২১-২২ সাল থেকে পশ্চিমবঙ্গে NBHM-এর অধীনে মোট ২১টি প্রকল্পে ১৬.১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা রাজ্যের মৌপালন শিল্পের বিকাশ ও মধুর গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • Link to this news (News18 বাংলা)