• মাঠে যাওয়ার পথ ঘিরে শূকর খামার! প্রতিবাদ করায় কৃষকদের উপর রক্তক্ষয়ী হামলা, ধৃত ৩
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • : স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম এলাকায় কৃষকদের মাঠে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে গুরুতর জখম হন তিনজন কৃষক। ঘটনার খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনগ্রাম একটি কৃষিপ্রধান এলাকা। গ্রামের অধিকাংশ বাসিন্দাই কৃষিকাজের উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে গ্রামের কৃষকরা একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে চাষের জমিতে যাতায়াত করে আসছেন। অভিযোগ, সম্প্রতি ওই পথের ধারে এক ব্যক্তি জমি কিনে সেখানে শূকর পালন শুরু করেন। এরপর কৃষকদের যাতায়াত বন্ধ করতে ওই পথ ঘিরে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছিল।

    বুধবার সকালে কয়েকজন কৃষক ওই পথ দিয়ে মাঠে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা দ্রুত হাতাহাতি ও মারধরের ঘটনায় পরিণত হয়। সংঘর্ষে তিনজন কৃষক গুরুতর জখম হন। তাদের মধ্যে দু’জনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাঁরা ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে থাকেন বলে অভিযোগ।

    পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, আহতদের মধ্যে একজনের মাথায় ৮টি এবং অপরজনের মাথায় ১৭টি সেলাই পড়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পর স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিতান মণ্ডল, সুকান্ত মণ্ডল ও সুমন মণ্ডল। তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত চলছে। তবে এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি।
  • Link to this news (News18 বাংলা)