পাথরচাপুরি যাওয়ার পথে বিপর্যয়, মালভর্তি ট্রাক পিষে দিল চারচাকা! প্রাণ গেল চালকের
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় কেঁপে উঠল সালার-কাটোয়া রাজ্য সড়ক। আজ বুধবার সকালে দক্ষিণখন্ড এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি এবং এলপিজি (LPG) বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে গাড়ির চালকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ জানিয়েছে মৃতের নাম, রাজা আনসারী (২৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের দলটি তালিবপুর থেকে বীরভূমের পাথরচাপুরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারমধ্যেই দক্ষিণখন্ডের কাছে আচমকাই উল্টোদিক থেকে আসা একটি এলপিজি গ্যাস বোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, গাড়ির চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর চাউর হতেই স্থানীয় মানুষজন ছুটে আসেন।
তড়িঘড়ি আহত ৫ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা করার দেন। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে অবিলম্বে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত দু’টি শিশুর চোখে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, তাঁরা দৃষ্টিশক্তি হারাতে পারে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ হল, তা খতিয়ে দেখত তদন্ত শুরু করেছে পুলিশ। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে দক্ষিণখন্ড ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাথরচাপুরি যাওয়ার পথে এমন মর্মান্তিক পরিণতি এবং একজনের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।