আচমকাই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। প্রশাসনিক সূত্রে খবর, জঙ্গি হামলার আশঙ্কায় বুধবার, ৫ অগস্ট জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ ব্যাপারে সরকারি ভাবে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সপ্তম বর্ষপূর্তির কারণেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উপত্যকায়।
প্রশাসনিক সূত্রে খবর, বুধবার সকালে জম্মু বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও তীর্থযাত্রীর দলকে পহেলগাম ও বালতালের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া নিরাপত্তার স্বার্থে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও সেনাবাহিনী এবং প্রশাসনিক কর্তাদের গাড়ি চলাচল বন্ধও রাখা হয়েছে। এই সড়কই গোটা দেশের সঙ্গে উপত্যকার সংযোগ রক্ষা করে। তাই স্বাভাবিক ভাবেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই সড়কপথে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত চলতি বছরে ৪.৬০ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন। গত ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হয়েছিল। আগামী ২৮ অগস্ট তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই স্থগিত করে দেওয়া হলো অমরনাথ যাত্রা।