আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা ও সংস্কারের কাজের জন্য বন্ধ বারাসতের গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজ। প্রথম রাতেই তীব্র যানজটে নাজেহাল হতে হল মানুষকে। মঙ্গলবার বিকেল থেকে আগামী ১৩ আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বারাসত রেলওয়ে ওভারব্রিজ।
উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হতেই মঙ্গলবার রাত থেকেই কার্যত স্তব্ধ হয়ে পড়ে জেলা সদর শহরের যান চলাচল।
ফ্লাইওভার বন্ধ থাকায় যশোর রোড, কলোনি মোড়, চাঁপাডালি মোড়, স্টেশন সংলগ্ন এলাকা-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পায়।
অফিসফেরত যাত্রী, স্কুলবাস, পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার যানবাহন একই রাস্তায় আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অনেককে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও প্রথম দিন সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি। ফলে যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা করা হয়৷ তবুও অতিরিক্ত যানবাহনের চাপে যানজট পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, মানুষের নিরাপত্তার স্বার্থেই ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির কাজ করা হচ্ছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী ১৩ আগস্ট পর্যন্ত ওভারব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে যানজট এড়াতে চালক ও সাধারণ মানুষকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করার আবেদন জানানো হয়েছে।
তবে ফ্লাইওভার বন্ধের প্রথম রাতের অভিজ্ঞতায় স্পষ্ট, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংযোগপথ বন্ধ থাকায় আগামী কয়েক দিন বারাসতে বেশ ভোগান্তি হবে৷ যানজট ও বিশৃঙ্খলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বারাসতের বাসিন্দারা। প্রশাসনের তরফে বিকল্প কী ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য মুখিয়ে আছে গোটা বারাসতবাসী।