• বীভৎস! পথকুকুরকে দেখে এ কী করলেন ব্যক্তি...
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সরাসরি মাথায় গুলি করে খুন! কিন্তু তারপরেও এতটুকু অনুতপ্ত নয় খুনি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ পুরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বাঁশগোলা কালী মন্দির লাগোয়া অঞ্চলে। ইতিমধ্যেই প্রতিবেশী ও স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে খুনিকে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম শ্রীকান্ত রায় (৩৫)। তিনি পেশায় একজন টোটো চালক। হঠাৎই তাঁর বাড়ির দরজায় একটি কুকুর প্রবেশ করায় এয়ারগান দিয়ে সরাসরি কুকুরটির মাথায় গুলি করে সে। তৎক্ষণাৎ মাটিতে পড়ে মৃত্যু হয় কুকুরটির। 

    এরপরই পাড়ার লোকজন জড়ো হয় তাঁর বাড়ির সামনে। এমনকী চলে আসে একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সদস্যরাও। তারপর সেই স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকেই মুর্শিদাবাদ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে নৃশংসভাবে একটি কুকুরকে গুলি করে হত্যা করার জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শ্রীকান্ত রায়কে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় তাঁর এয়ারগানটিও। মৃত কুকুরটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

    অভিযুক্ত শ্রীকান্তের প্রতিবেশী তনয় রায় বলেন, “কুকুরটা আমার বাড়ির সামনে বিস্কুট খাচ্ছিল। সেই সময় শ্রীকান্তের বাড়িতে ঢোকে। তারপরই গুলির শব্দ। বেরিয়ে দেখি মাথায় গুলি লেগে মরে পড়ে আছে।” 

    তাঁর অভিযোগ, "এর আগেও টোটো চাপা দিয়ে একটি কুকুর মেরেছিল শ্রীকান্ত। কিন্তু এবার প্রকাশ্যে গুলি করে মারল।" তনয়বাবু আরও বলেন,  "সবচেয়ে উদ্বেগের বিষয়, খুনের পরেও শ্রীকান্তের মধ্যে কোনও অনুশোচনা নেই। বরং বাড়ির লোকজন বলছে, ওদের নেতা-মন্ত্রী চেনা আছে। থানা থেকে ছাড়িয়ে আনবে।”

    ওই পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশ্বজিৎ চৌধুরী মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, "আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মুর্শিদাবাদ থানায়। নিরীহ পশুকে নৃশংসভাবে হত্যা করার জন্য আমরা তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। এমনকী, অভিযুক্তের প্রতিবেশীরাও সবাই সাক্ষ্য দিতে রাজি রয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, অভিযুক্ত তাঁর এই কৃতকর্মের জন্য এতটুকুও অনুতপ্ত নয়।" 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে  মামলা রুজু করা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনও প্রাণীকে নৃশংসভাবে হত্যা, বিষ প্রয়োগ বা পঙ্গু করলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে।
  • Link to this news (আজকাল)