কোলে নিজেরই নাতি, সেই অপরাধে ভয়াবহ অভিজ্ঞতা বৃদ্ধার!
আজকাল | ০৫ আগস্ট ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কোলে নিজের নাতি। 'বাচ্চা চোর' সন্দেহে দিদিমাকে বেধড়ক মার! হাবরা স্টেশন কাণ্ডে আটক এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
ঠিক কী ঘটেছিল? ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, কোলে ছিল নিজেরই নাতি। অথচ 'বাচ্চা চোর' সন্দেহে রেলস্টেশনের মধ্যেই এক বৃদ্ধাকে ধরে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল মহিলার বিরুদ্ধে। ঘটনার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবরা এলাকায়। ইতিমধ্যেই পিঙ্কি শিকদার নামে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগর থুবা শিমুলতলা এলাকার বাসিন্দা সারথি বারুই বিরাটি যাওয়ার উদ্দেশ্যে নিজের নাতিকে কোলে নিয়ে হাবরা রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন মহিলা আচমকাই রটিয়ে দেন যে তাঁর কোলে থাকা শিশুটি নাকি চুরি করা। সারথি বারবার জানান, শিশুটি তাঁর মেয়ের ছেলে, অর্থাৎ নাতি। কিন্তু তাঁর কোনও কথাই শোনেননি অভিযুক্তরা, অভিযোগ তেমনটাই। অভিযোগ, চুলের মুঠি ধরে তাঁকে স্টেশনের মধ্যেই বেধড়ক মারধর করা হয়।
হামলাকারীদেরও বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে, উপস্থিত কয়েকজন মহিলা 'বাচ্চা চোর' তকমা দিয়ে ঘটনার লাইভ সম্প্রচার করেন এবং পরে সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়েন। ভিডিও ভাইরাল হওয়ার পর হাবরার নাগরিক সমাজ ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষজন। এরপরই রেল পুলিশ ভাইরাল ভিডিওর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান এবং পরে তাঁকে আটক করা হয়।বনগাঁ জিআরপি থানার আধিকারিক নয়ন পাত্র জানান, ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করার কাজ চলছে। যাঁদের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষোভ এলাকাতেও।