• স্বামী বিবেকানন্দের উক্তি তুলে ধরে বার্তা নওশাদের!
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সরব ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার ফেসবুক পেজে স্বামী বিবেকানন্দের একটি অমর বাণী শেয়ার করে নেটদুনিয়ায় জোর শোরগোল ফেলে দিলেন সমর্থক ও অনুগামীদের প্রিয় ‘ভাইজান’। মঙ্গলবার নিজের প্রোফাইল ছবি পরিবর্তনের পাশাপাশি স্বামীজির উদ্ধৃতি পোস্ট করতেই লাইক ও মন্তব্যের বন্যা বয়ে যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। একুশের হাত ধরে প্রথমবার বিধানসভায় পা রাখা নওশাদ ছাব্বিশের নির্বাচনেও ভাঙড় থেকে নিজের জয়ের ধারা বজায় রেখেছেন, আর তাঁর এই নতুন বার্তা অনুগামীদের মধ্যে এক নতুন উন্মাদনা তৈরি করেছে।

    নিজের নতুন ছবির সাথে স্বামী বিবেকানন্দের একটি কালজয়ী উক্তি জুড়ে দেন নওশাদ। তিনি লেখেন, “আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনও  শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।” সাড়ে তিন লাখেরও বেশি ফলোয়ার থাকা নওশাদের পেজে এই বার্তাটি প্রকাশ পেতেই হু হু করে ছড়াতে থাকে কমেন্ট। রাজনৈতিক মতাদর্শের তোয়াক্কা না করেই বহু সাধারণ মানুষ তাঁর এই চিন্তাভাবনার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, যোগ্যতার ওপর আস্থা রাখার কথা বলে দারুণ বার্তা দিয়েছেন বিধায়ক, আবার কেউ নওশাদের ব্যক্তিত্ব ও হাসির প্রশংসা করে তাকে ভারতীয় রাজনীতিতে এক পরিচ্ছন্ন বিরোধী মুখ হিসেবে বর্ণনা করেছেন।

    তবে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনামূলক মন্তব্যও চোখে পড়েছে পোস্টের নিচে। তবুও বিধানসভার বক্তব্য থেকে শুরু করে সাধারণ মানুষের নানা ইস্যু নিয়ে নিয়মিত সরব হওয়া নওশাদের এই উক্তি রাজনৈতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কীভাবে সাধারণ ও যুব সমাজের কাছাকাছি থাকা যায়, ভাঙড়ের বিধায়ক যে তা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন, এই ঘটনার পর তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
  • Link to this news (আজকাল)