• এবার মিড ডে মিলের খাবার 'ডেলিভারি' নিয়ে নির্দেশিকা!
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সরকারি স্কুলগুলিতে এ বার থেকে মিড ডে মিল-এর মেনুতে থাকবে ডিম। কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেয়েছে ইসকন। সম্প্রতি সরকারি এই ঘোষণার পর স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশ করা হল আদর্শ কার্যবিধি বা এসওপি। মঙ্গলবার রাজ্যের ‘পিএম পোষণ’ বা মিড-ডে মিল প্রকল্পের আওতায় ইসকনের জন্য খাবার পরিবেশনের জন্য আদর্শ কার্যবিধি বা নির্দেশিকা জারি করা হয়েছে।

    ওই নির্দেশিকা অনুযায়ী, মর্নিং স্কুলের ক্ষেত্রে সকাল সাড়ে ৮টার মধ্যে এবং ডে স্কুলের ক্ষেত্রে দুপুর দেড়টার মধ্যে খাবার পৌঁছতে হবে। ইসকনের খাবার পরিবেশনের দায়িত্ব নির্ধারিত ফাউন্ডেশনের উপর। পাশাপাশি, মিড ডে মিল খাবার বহনকারী গাড়িগুলিকে নির্ধারিত রুট ধরেই চলাচল করতে হবে। যাতে গাড়িচালকদের স্কুলে যাওয়ার রাস্তা চিনতে কোনও সমস্যা না হয়, সে জন্যই রুট নির্দিষ্ট করা হয়েছে এসওপি-তে। পাশাপাশি, গাড়িগুলিকে জিপিএস ট্র্যাকিং চালু রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যাঁরা খাবার সরবরাহ করবেন, সেই ডেলিভারি কর্মীদের কাছ থেকে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকদের খাবারের হিসাব বুঝে নিতে হবে। একইসঙ্গে চালানেও সই করতে হবে। তবে খাবার সরবরাহের পরই বহনকারী গাড়িগুলিকে স্কুলের সামনে থেকে সরিয়ে নিতে হবে। সেখানে দাঁড়িয়ে থাকা যাবে না।

    এসওপি-তে আরও উল্লেখ, কোনও স্কুল নিজে থেকে খাদ্য সরবরাহের সময় পরিবর্তন করতে পারবে না। তবে প্রয়োজনে নোডাল অফিসারকে তাদের দাবি লিখিত আকারে জানিয়ে আবেদন করতে পারবেন। প্রতিটি স্কুলে পড়ুয়ার সংখ্যার ভিত্তিতেই রাঁধুনি বা 'কুক-কাম-হেল্পার' নিয়োগ করতে হবে। সমস্ত রাঁধুনিকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও স্বনির্ভর গোষ্ঠীর বিবরণ-সহ নোডাল অফিসারের কাছে আজ অর্থাৎ ৫ অগস্টের মধ্যে জমা দিতে হবে। তাঁদের গত মাসের ডিবিটি পেমেন্ট ও নিয়োগপত্র খতিয়ে দেখেই স্কুলে যুক্ত করা হবে। রাঁধুনিরা নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে না করলে তাঁদের নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে তাঁদের পরিবর্তে নতুন রাঁধুনি নিয়োগ করা হবে।

    উল্লেখ্য, সরকারি তরফে আগেই ঘোষণা করা হয়েছে মিড ডে মিলের মেনু। সেখানে ভাত, খিচুড়ি, পোলাও, পনির অথবা ছানা, সয়াবিন, মৌসুমি সবজি, বাদাম, মৌসুমি ফল, মিষ্টি এবং সপ্তাহে দু'দিন ডিম রাখার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

     
  • Link to this news (আজকাল)