• বড়বাজারে ফের ভয়াবহ আগুন!
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে শহরের ব্যস্ততম এলাকা বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার ভোর চারটে নাগাদ বড়বাজারের পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটের একটি প্লাস্টিক শিটের গুদামে হঠাৎই আগুন লেগে যায়। 

    স্থানীয় সূত্রে খবর, দমকলের ৮টি ইঞ্জিনের টানা চার ঘণ্টার চেষ্টায় সকাল আটটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় সূত্রের খবর, ভোর ৪টে নাগাদ ওই প্লাস্টিকের গুদাম থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখেন আশেপাশের বাসিন্দারা। মুহূর্তের মধ্যে প্লাস্টিকের মতো 'দ্রুত দাহ্য পদার্থ' থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে।

    সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। একের পর এক দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। চার ঘণ্টার কঠোর প্রচেষ্টায় সকাল ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।

    আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকেই হয়তো এই বিপত্তি ঘটেছে। 

    বর্তমানে আগুনে নতুন করে কোনও আশঙ্কা নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দমকলের তরফে আশ্বস্ত করা হয়েছে।
  • Link to this news (আজকাল)