• নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম রক্ষায় বিশেষ উদ্যোগ
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বন্ধের মুখে দাঁড়িয়ে থাকা কলকাতার ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়ামকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার আবহে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর দপ্তরের উদ্যোগে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকে বসবেন মিউজিয়ামের পরিচালক সুদীপ শ্রীমল। 

    সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সুদীপ শ্রীমলের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় তিনি জানান, দমকলের নির্দেশ মেনে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করার মতো আর্থিক ক্ষমতা মিউজিয়ামের নেই। 

    ১৬ জুলাই সুদীপ শ্রীমল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল-কে চিঠি দিয়ে আর্থিক সংকটের কথা জানান। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য-র কাছেও হস্তক্ষেপের আবেদন করেন। মিউজিয়াম কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, প্রয়োজনীয় সরকারি সহায়তা না পেলে আগামী ১৬ আগস্ট থেকে মিউজিয়াম বন্ধ করে দিতে বাধ্য হবে।

    সুদীপ শ্রীমল জানান, একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) মিউজিয়ামের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেও তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। তাঁর বক্তব্য, নেহরু চিলড্রেন্স মিউজিয়ামকে কোনওভাবেই বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করতে চান না। বরং শিশুদের জন্য একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবেই এর অস্তিত্ব বজায় রাখতে চান তিনি।

    নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে রয়েছে রামায়ণ ও মহাভারতের কাহিনি নিয়ে মাটির ক্ষুদ্র মডেল, ৯৬টি দেশের প্রায় ১,১০০টি পুতুলের সংগ্রহ এবং প্রায় ৩০০টি গণেশ মূর্তির গ্যালারি। এই ঐতিহ্যবাহী সংগ্রহগুলি যাতে অক্ষত থাকে, সে বিষয়েও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মিউজিয়ামের পরিচালক। 
  • Link to this news (আজকাল)