বাড়ি ছাড়লেই কি সিকিউরিটি ডিপোজিট কেটে নিতে পারেন বাড়ির মালিক? জেনে নিন
আজ তক | ০৫ আগস্ট ২০২৬
বাড়ি ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট নিয়ে থাকেন বাড়ি মালিক। উদ্দেশ্য হল, ভাড়াটিয়ার কারণে সম্পত্তির কোনও ক্ষতি হলে সেই ক্ষতি থেকে বাড়ির মালিককে আর্থিক সুরক্ষা দেওয়া। তবে সমস্যা শুরু হয় তখনই, যখন ভাড়াটিয়া বাড়ি ছেড়ে যাওয়ার পর জানতে পারেন যে রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বা ছোটখাটো মেরামতির অজুহাতে তাঁর জমা রাখা টাকা থেকে কেটে নেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, ভাড়াটিয়ার কারণে হওয়া প্রকৃত ক্ষতির জন্য বাড়ির মালিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। কিন্তু স্বাভাবিক ব্যবহারের ফলে হওয়া ক্ষয়ক্ষতি বা জীর্ণতার অজুহাতে ইচ্ছামতো সিকিউরিটি ডিপোজিট থেকে টাকা কেটে নেওয়া যায় না।
কতটা টাকা কাটা বৈধ হবে, তা মূলত ভাড়ার চুক্তিপত্রের শর্ত এবং 'Transfer of Property Act, 1882'-এর বিধানের উপর নির্ভর করে।
সেই অনুযায়ী, লিজ চলাকালীন ভাড়াটিয়ার দায়িত্ব হল সম্পত্তির যথাযথ যত্ন নেওয়া এবং লিজের মেয়াদ শেষে প্রায় একই অবস্থায় তা মালিককে ফিরিয়ে দেওয়া। তবে এই দায়িত্ব স্বাভাবিক ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, নিয়মিত ব্যবহারের ফলে যে স্বাভাবিক জীর্ণতা আসে, তার জন্য ভাড়াটিয়াকে দায়ী করা যায় না।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির স্বাভাবিক পুরনো হয়ে যাওয়া বা ক্ষয় হওয়া সাধারণত বাড়ির মালিকের রক্ষণাবেক্ষণের দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্য সিকিউরিটি ডিপোজিট থেকে টাকা কাটা উচিত নয়।
স্বাভাবিক ক্ষয়ক্ষতির উদাহরণ
এই তালিকার মধ্য়ে পড়ে সময়ের সঙ্গে দেওয়ালের রং ফিকে হয়ে যাওয়া বা রং খসে পড়া। দেওয়ালে সামান্য আঁচড় বা দাগ। প্রতিদিনের ব্যবহারে মেঝেতে হালকা ক্ষয় এবং কল, লাইট বা সিলিং ফ্যানের স্বাভাবিক পুরনো হয়ে যাওয়া।
এসবই বাড়িতে বসবাসের স্বাভাবিক ফল এবং বাড়ির মালিকের রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বিবেচিত হয়।
কখন সিকিউরিটি ডিপোজিট থেকে টাকা কাটতে পারেন বাড়ির মালিক?
যদি ভাড়াটিয়া স্বাভাবিক ব্যবহারের সীমা ছাড়িয়ে সম্পত্তির ক্ষতি করেন, তাহলে বাড়ির মালিক সিকিউরিটি ডিপোজিটের একটি অংশ কেটে রাখতে পারেন। এর মধ্যে পড়ে দেওয়ালে বড় গর্ত বা গুরুতর ক্ষতি। দরজা, জানলা বা ফিটিংস ভেঙে ফেলা। অনুমতি ছাড়া বাড়ির কাঠামোগত পরিবর্তন করা। মেঝেতে বড় দাগ বা গুরুতর ক্ষতি এবং বাড়ির কোনও যন্ত্রপাতি বা ফিটিংস হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া।
তবে এই ক্ষেত্রে যে পরিমাণ টাকা কাটা হবে, তা অবশ্যই প্রকৃত মেরামত বা পুনরুদ্ধারের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তিসঙ্গত হতে হবে।
কেন রেন্ট অ্যাগ্রিমেন্ট গুরুত্বপূর্ণ?
সিকিউরিটি ডিপোজিট থেকে কী কী কারণে টাকা কাটা যাবে, তা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল রেন্ট অ্যাগ্রিমেন্ট। চুক্তিপত্রে আগে থেকেই রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামতি ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্ত শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত। এছাড়া বাড়িতে ওঠার সময় এবং বাড়ি ছাড়ার সময় ছবি বা ভিডিও তুলে সম্পত্তির অবস্থা নথিভুক্ত করে রাখা উচিত। ভবিষ্যতে কোনও বিতর্ক হলে এই ছবি বা ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে।
কীভাবে এড়াবেন বিতর্ক?
আইন বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়ির দখল নেওয়ার আগে এবং ছেড়ে দেওয়ার সময় বাড়ির মালিক ও ভাড়াটিয়া একসঙ্গে বাড়ি পরিদর্শন করুন এবং আগেই থাকা ত্রুটিগুলি লিখিতভাবে নথিভুক্ত করুন। ভাড়াটিয়া বাড়ি ছাড়ার সময় যদি সিকিউরিটি ডিপোজিট থেকে কোনও টাকা কাটা হয়, তাহলে বাড়ির মালিকের উচিত সেই কাটার কারণ এবং খরচের হিসাব লিখিতভাবে জানানো।
অন্যদিকে, ভাড়াটিয়ার উচিত রেন্ট অ্যাগ্রিমেন্ট ভালোভাবে পড়ে নেওয়া, সম্পত্তির যত্ন নেওয়া এবং বাড়ির অবস্থার যথাযথ রেকর্ড রাখা। এতে ভবিষ্যতে অপ্রয়োজনীয় বিরোধের সম্ভাবনা অনেকটাই কমে যায়।