• বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টি, দাপট কমবে কবে? আবহাওয়ার লেটেস্ট আপডেট
    আজ তক | ০৫ আগস্ট ২০২৬
  • বুধবার থেকে বৃষ্টি বাড়বে, বলেছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাসকে সত্যি করে ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। ভোর ৫টা নাগাদ শহরবাসী যখন ঘুমের ঘোরে, তখন থেকেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। শুধু কলকাতাই নয়, পার্শ্ববর্তী শহরতলি ও আশপাশের জেলাগুলোতেও বৃষ্টির দাপট ছিল সমান। আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, নতুন করে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বুধবার সারাদিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা।  আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।   

    হাওয়া অফিসের পূর্বাভাস
    মৌসম ভবন জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গে সক্রিয়। রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এছাড়াও অসম, উত্তর প্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতে ঘূর্ণাবর্ত রয়েছে।  তার ফলে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
    আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বুধবার কমবেশি বৃষ্টি চলবে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী দু’দিনও দক্ষিণবঙ্গ জুড়ে হাওয়া বদলের সম্ভাবনা কম। বুধবার দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টি।  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গী হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সপ্তাহান্তে আপাতত কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের প্রবল সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোর্সা, জলঢাকায় জলস্তর বাড়তে পারে। ক্ষতি হতে পারে ফসলের।  শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের সর্বত্রই।

    কলকাতা নিয়ে পূর্বাভাস?
    কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশের আশেপাশে থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে।
  • Link to this news (আজ তক)