ইথানল ইস্যুতে ডিপফেক ভিডিও! হাই কোর্টে জয় গড়করির, মেটা-গুগলকে বড় নির্দেশ আদালতের
প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৬
ইথানল মিশ্রিত পেট্রল (ই-২০) বিতর্কে সমাজমাধ্যমে তাঁর ডিপফেক ভিডিওর ছড়াছড়ি! এই অভিযোগ তুলেই বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)। মামলা করেছিলেন মেটা-গুগলের বিরুদ্ধে। বুধবার সেই মামলাতেই বড় জয় পেলেন তিনি। আদালতের নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে সমস্ত আপত্তিকর পোস্ট দ্রুত সরাতে হবে।
গড়করি তাঁর আবেদনে জানিয়েছিলেন, সমাজমাধ্যমে তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে বিভিন্ন মানহানিকর পোস্ট করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করে ছড়ানো হচ্ছে একাধিক ডিপফেক ভিডিও। ই-২০ কর্মসূচি থেকে প্রাপ্ত মুনাফার সঙ্গে তাঁর নাম যুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন গড়করি। তাঁর দাবি, এই ধরনের বিদ্বেষপূর্ণ ও মানহানিকর প্রচার জনসাধারণকে বিভ্রান্ত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে।
বম্বে হাই কোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে যে ধরনের পোস্ট সমাজমাধ্যমে করা হচ্ছে, তা আপত্তিকর, জঘন্য এবং বিদ্বেষপূর্ণ। মেটা-গুগল এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে সেই পোস্টগুলি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। হাই কোর্টের আরও নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে ভবিষ্যতে যদি আবার আপত্তিকর ‘ডিপফেক’ কনটেন্ট ছড়িয়ে পড়ে, তাহলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে তা জানাতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেগুলিকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে বলেও জানিয়েছে আদালত। বিচারপতি আরিফ এস বলেন, “পোস্টগুলি অত্যন্ত জঘন্য, আপত্তিকর ও মানহানিকর। সমাজের সমস্ত স্তরের মানুষ, বিশেষত তরুণরা সমাজমাধ্যম ব্যবহার করে। তাই এধরনের পোস্ট সেখানে থাকা উচিত নয়।”