• আবাসে দুর্নীতির অভিযোগ, অর্ধেক নেড়া-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তৃণমূল নেতাকে!
    প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৬
  • অর্ধেক নেড়া করে, গলায় জুতোর মালা ও কোমরে দড়ি পরিয়ে তৃণমূল (TMC) নেতাকে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায়। যদিও ওই ঘটনার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনা নিয়ে সমলোচনার ঝড় উঠেছে জেলাজুড়ে। মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায় তৃণমূল বুথ সভাপতি অতুল বিশ্বাসকে কোমরে দড়ি, গলায় জুতার মালা পরিয়ে এবং মাথার একাংশ মুড়িয়ে ঘোরানোর হয়েছে। আবাস যোজনার ঘরের নামে দুর্নীতির অভিযোগে বিজেপি কর্মী-সমর্থকরা এই ঘটনাটি ঘটিয়েছেন বলেই অভিযোগ।

    এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, এই ধরনের ভিডিও তাঁর নজরে পড়েছে। সেখানে দলীয় পতাকা ব্যবহার করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। যদি ওই তৃণমূলের নেতা কারও কাছ থেকে আবাস যোজনার নামে কাটমানি নিয়ে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ ওই এলাকার বাসিন্দাদের বিষয়। গ্রামবাসীরা কী করবেন, সেটা তাঁরা ঠিক করবেন। সেখানে দলীয় পতাকা নিয়ে এই ধরনের কাণ্ড করা বরদাস্ত করা হবে না, সাফ জানিয়েছেন। ইতিমধ্যে মণ্ডল সভাপতিকে তিনি তলব করেছেন। এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

    যদিও এদিন ওই তৃণমূল নেতাকে যারা গ্রামে ঘুরিয়েছেন, তাদের মধ্যে অন্যতম পবিত্র মণ্ডল। তিনি জানিয়েছেন, আবাস যোজনার নামে তৃণমূলের ওই প্রাক্তন বুথ সভাপতি ব্যাপক দুর্নীতি করেছে। বেছে বেছে তৃণমূল কর্মী-সমর্থকদের ঘর দেওয়া হয়েছে! তাঁর বাড়িতেও সার্ভে হয়েছিল, অথচ ভাঙা বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের ঘর বরাদ্দ হয়নি। অন্য এক স্থানীয় বধূ বিনা মণ্ডল অভিযোগ, আবাস যোজনার প্রকল্পে ঘর পাওয়ার পর তাঁর কাছ থেকে কাটমানি বাবদ সাড়ে তিন হাজার টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা ফেরত দেওয়া হচ্ছিল না। গ্রামের আরও অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তাঁরা চাইছেন, টাকা ফেরত দেওয়া হোক। সেই দাবিতেই বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও এই বিষয় নিয়ে তৃণমূলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।
  • Link to this news (প্রতিদিন)